Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের আরো তিন ভিসায় বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়া যাচাই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ২১:১৩

যুক্তরাষ্ট্রের আরো তিন ভিসায় বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়া যাচাই

মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা যাচাই প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হয়েছে। ১ অক্টোবর থেকে আরো তিনটি ভিসা শ্রেণির আবেদনকারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে সোশ্যাল মিডিয়া যাচাই। এখন থেকে আই, টিএন ও টিডি ভিসার আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা করা হবে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। আবেদনকারীদের নিজেদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ বা ‘ওপেন’ করে রাখতে হবে।

আই ভিসা মূলত বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য। টিএন ভিসা যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় নির্দিষ্ট পেশাজীবীদের জন্য। আর টিডি ভিসা হলো টিএন ভিসাধারীদের পরিবারের সদস্যদের জন্য।

এর আগে থেকেই বেশ কয়েকটি ভিসা শ্রেণির আবেদনকারীদের জন্য অনলাইন উপস্থিতি যাচাই চালু ছিল। ২০২৫ সালের জুনে কূটনৈতিক ও সরকারি ভিসার কিছু শ্রেণি, এফ ও এম স্টুডেন্ট ভিসা, এইচ-১বি, জে-১ ও জে-২ এক্সচেঞ্জ ভিজিটর ভিসা, কে-১, কে-২ ও কে-৩, কিউ, আর-১ ও আর-২ এবং এস, টি ও ইউ ভিসার আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছিল।

২০১৯ সালের ৩১ মে থেকে অধিকাংশ ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের কাছে গত পাঁচ বছরে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম বা হ্যান্ডেল চাওয়া শুরু হয়। তবে তখন শুধু নাম বা হ্যান্ডেল দেওয়া বাধ্যতামূলক ছিল। এখন পুরো অ্যাকাউন্ট সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট বলছে, আবেদনকারীর বিষয়ে যত তথ্য পাওয়া যায়, তা যাচাইয়ের সময় বিবেচনায় নেওয়া হবে। আবেদনকারী ভিসার শর্ত মেনে চলার ইচ্ছা রাখেন কিনা এবং তিনি যোগ্যতা প্রমাণ করতে পারেন কিনা, সেটিও দেখা হবে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন যাচাই প্রক্রিয়া আরো কঠোর হয়েছে। সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং তারই অংশ। পড়ুয়া, পেশাজীবী ও অন্যান্য ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন উপস্থিতি যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে। কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীদের অনলাইন কার্যকলাপ খতিয়ে দেখতে।

Logo