Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫

জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ

যুক্তরাষ্ট্র জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ বা বার্থ ট্যুরিজম ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বিদেশি নেটওয়ার্কগুলো নাগরিকত্ব বিক্রির মতো কাজ করছে। তারা বিজ্ঞাপন দিয়ে মানুষকে ভিসার আবেদনে মিথ্যা বলতে উদ্বুদ্ধ করছে এবং সন্তান জন্মের বিনিময়ে প্রায় ১০ হাজার ডলার নিচ্ছে।

রুবিও জানান, অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২(এ)(৩)(সি) ধারার অধীনে নতুন নীতি কার্যকর হচ্ছে। এতে লক্ষ্য করা হবে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, যারা জেনেশুনে বার্থ ট্যুরিজমে যুক্ত বা সহায়তা করছে। এর মধ্যে রয়েছে নেটওয়ার্কের মালিক ও ম্যানেজার, ভিসা দালাল যারা আবেদনকারীদের জালিয়াতি শেখায়, বিদেশি চিকিৎসক যারা এ ধরনের ভ্রমণ ও মেডিকেল ব্যবস্থার অপব্যবহারে সহায়তা করে এবং অন্যান্য সহযোগী।

তিনি বলেন, মার্কিন নাগরিকত্বের মর্যাদা রক্ষা, জনকল্যাণ সুবিধা ও করদাতাদের শোষণ থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন সব হাতিয়ার ব্যবহার করছে। যারা এই জালিয়াতি থেকে মুনাফা করছে, তাদের জন্য ভিসা ইস্যু সীমিত করার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু পরিবারের সদস্যও এই বিধিনিষেধের আওতায় আসতে পারেন। অর্থাৎ শুধু সরাসরি যুক্ত ব্যক্তিরাই নয়, তাদের ঘনিষ্ঠ সম্পর্কিতরাও প্রভাবিত হতে পারেন।

এই নীতি কার্যকর হলে বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে এ ধরনের ভ্রমণকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হতো। অনেকেই নাগরিকত্বের সুবিধা নিতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতেন। নতুন নীতি সেই সুযোগ বন্ধ করবে।

Logo