যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি সুলিভান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৩
মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই গোল ও অ্যাসিস্টে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ মিডফিল্ডার। তার অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন তিনি।
সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। নতুন কোচ মরিসিও পচেত্তিনো এই চার ম্যাচের দল ঘোষণা করবেন। ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইল জানিয়েছেন, সুলিভানকে নিয়ে কোচের পরিকল্পনা ইতোমধ্যেই স্পষ্ট।
বিশ্বকাপ বিরতির পর এমএলএসে ফিরেই সুলিভান দুর্দান্ত ফর্মে ছিলেন। ফিলাডেলফিয়ার হয়ে তিনি করেছেন ৬ গোল এবং আরো ৮ গোলে সহায়তা দিয়েছেন। মাঠে তার এই ধারাবাহিক নৈপুণ্যই তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে।
তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, কিছুদিন আগে এক মন্তব্যেও তিনি আলোচনায় আসেন। এক পডকাস্টে সুলিভান দাবি করেছিলেন, বিশ্বকাপে থাকলে যুক্তরাষ্ট্রকে আরো দূরে নিয়ে যেতে পারতেন। কোচ পচেত্তিনো তখন বলেছিলেন, “আমরা প্রতিভাবান খেলোয়াড় চাই, তবে অহংকার নয়। মেসি ছাড়া কেউ সীমা ছাড়িয়ে কথা বলার অধিকার রাখে না।”
কোচের সেই মন্তব্যের পর মাঠে খেলার মাধ্যমে আবারো নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সুলিভান। এবার জাতীয় দলে সুযোগ পেলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক করবেন।
এর আগেই তিনি রেকর্ড গড়েছেন। ২০২৪ সালে ফিলাডেলফিয়ার হয়ে অভিষেকের সময় তিনি উত্তর আমেরিকার যে কোনো বড় পেশাদার ক্রীড়া লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন।
সুলিভানের ভবিষ্যৎও উজ্জ্বল। ম্যানচেস্টার সিটির সঙ্গে তার বিশেষ সমঝোতা রয়েছে। ১৮ বছর বয়স পূর্ণ হলে তিনি সিটিতে যোগ দিতে পারবেন।
logo-1-1740906910.png)