Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল মার্কিন দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল মার্কিন দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় গিয়ে কিছু কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। ৫ সেপ্টেম্বর সকালে দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় গিয়ে সন্তান জন্ম দিয়ে শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। এ ধরনের "বার্থ ট্যুরিজম" যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরিপন্থি।

এছাড়া যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এই ভিসায় অনুমোদিত নয়।

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত নির্দিষ্ট ও সীমিত সময়ের জন্য দেওয়া হয়। সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য ‘বি১’ ভিসা দেওয়া হয়। আর পর্যটন বা চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য দেওয়া হয় ‘বি২’ ভিসা।

দূতাবাসের পোস্টে স্পষ্ট করা হয়েছে, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ভ্রমণকারীরা কেবল অনুমোদিত কার্যক্রমে অংশ নিতে পারবেন। অন্য কোনো উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার করলে তা ভিসার শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করলে ভবিষ্যতে ভিসা বাতিল বা স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। তাই আবেদনকারীদের উচিত প্রকৃত উদ্দেশ্য উল্লেখ করে ভিসার আবেদন করা।

Logo