Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাজ্যের তিন বিমানবন্দরে সাইবার হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪২

যুক্তরাজ্যের তিন বিমানবন্দরে সাইবার হামলা

যুক্তরাজ্যের তিনটি প্রধান বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮৭ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে নিশ্চিত করেছে ম্যানচেস্টার এয়ারপোর্ট গ্রুপ (MAG)। এই গ্রুপ ম্যানচেস্টার এয়ারপোর্ট, লন্ডন স্ট্যানস্টেড এবং ইস্ট মিডল্যান্ডস এয়ারপোর্ট পরিচালনা করে।

এমএজি জানিয়েছে, হ্যাকাররা মূলত টার্মিনালের ওয়াইফাই রেজিস্ট্রেশনের সময় সংগৃহীত গ্রাহকের ইমেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং পোস্টকোডে প্রবেশ করেছে। তবে কোনো ব্যাংক বা পেমেন্ট সংক্রান্ত তথ্য ফাঁস হয়নি।

গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা বা বিমান চলাচল ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি। ফ্লাইট সূচি ও টার্মিনাল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। পার্কিং, লাউঞ্জ এবং ফাস্ট ট্র্যাক বুকিং সেবাও চালু রয়েছে।

এক বিবৃতিতে MAG জানিয়েছে, “আমরা একটি সাইবার নিরাপত্তা ঘটনার শিকার হয়েছি। অননুমোদিত তৃতীয় পক্ষ কিছু গ্রাহকের তথ্য সংগ্রহ করেছে। আমরা দ্রুত ঝুঁকি নিয়ন্ত্রণে এনেছি এবং বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি”।

তারা আরো বলেছে, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। যাত্রীদের নিরাপত্তা বা বিমান চলাচল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং তাদের তথ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি”।

গ্রাহকদের উদ্দেশে এমএজি ইমেইল বার্তায় জানিয়েছে, “অপ্রত্যাশিত ইমেইল, ফোন কল বা টেক্সট মেসেজ পেলে সতর্ক থাকুন। এগুলো আমাদের পক্ষ থেকে এসেছে বলে দাবি করা হলেও প্রতারণার অংশ হতে পারে।”

গত এক বছরে ম্যানচেস্টার এয়ারপোর্ট দিয়ে ৩২ মিলিয়নের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। স্ট্যানস্টেড এয়ারপোর্টে যাত্রী সংখ্যা ছিল ৩০ মিলিয়নের বেশি এবং ইস্ট মিডল্যান্ডস এয়ারপোর্টে প্রায় ৪ মিলিয়ন যাত্রী চলাচল করেছেন।

Logo