যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২৩:০৮
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থাকে প্রশাসনিক পরোয়ানা ছাড়াই অভিবাসীদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। ১২ আগস্ট প্রকাশিত এক অভ্যন্তরীণ নথিতে আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স নতুন ব্যাখ্যা দিয়ে কর্মকর্তাদের এই অতিরিক্ত এখতিয়ার প্রদান করেন।
আগের নিয়মে আদালতে হাজির না হওয়ার ঝুঁকি বিবেচনা করা হলেও নতুন নীতিতে বলা হয়েছে, কোনো কর্মকর্তার প্রশাসনিক ওয়ারেন্ট সংগ্রহ করতে যে সময় লাগবে, তার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি স্থান ত্যাগ করতে পারেন কিনা, তার ওপর ভিত্তি করেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা যাবে। অর্থাৎ, কর্মকর্তারা মনে করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তখনই পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার সম্ভব হবে।
এই নতুন ব্যাখ্যার ফলে মাঠপর্যায়ে অভিযানের সময় মূল লক্ষ্যবস্তুর বাইরে থাকা অন্য কোনো অবৈধ অভিবাসীর মুখোমুখি হলে আইসিই কর্মকর্তারা দ্রুত তাদেরও গ্রেপ্তার করতে পারবেন। এ ধরনের গ্রেপ্তারকে বলা হচ্ছে ‘কোল্যাটারাল অ্যারেস্ট’।
তবে এই ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কলোরাডোর একটি ফেডারেল আদালত ইতোমধ্যেই আইসিইকে সতর্ক করেছে। আদালত বলেছে, কেবল অবৈধ অবস্থানের সন্দেহই পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের জন্য যথেষ্ট নয়। প্রতিটি ঘটনার পেছনে নির্দিষ্ট ও যৌক্তিক আইনি ভিত্তি থাকতে হবে।
মানবাধিকার সংগঠনগুলোও বলছে, এই নতুন নীতি অভিবাসীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। একদিকে সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, এতে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
আইসিই কর্মকর্তারা অবশ্য দাবি করছেন, নতুন নীতি মাঠপর্যায়ে কার্যক্রমকে আরো কার্যকর করবে। তাদের মতে, অনেক সময় প্রশাসনিক ওয়ারেন্ট সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকবে না।
logo-1-1740906910.png)