উচ্চশিক্ষার খবর
স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম চালুর ফন্দি ট্রাম্প প্রশাসনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৫:৪৩
আমেরিকার ট্রাম্প প্রশাসন আবারো শিক্ষার্থী ভিসা নিয়ে নতুন জটিল নিয়ম গ্রহণ করতে যাচ্ছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিভিন্ন ধরনের ভিসা বিশেষ করে যারা সেখানে পড়াশোনা করেছেন, তাদের জন্যও নানা অভিবাসন সেবায় বেশ বড় অঙ্কের ফি আরোপের নতুন প্রস্তাব বিবেচনা করছে।
সবচেয়ে আলোচিত প্রস্তাব হলো, আমেরিকায় পড়াশোনা শেষ করে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OPT-এর মাধ্যমে কাজ করতে চাইলে ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত ফি নির্ধারণের বিষয়টি। এছাড়া H-1B ভিসা, কিছু গ্রিন কার্ড আবেদন এবং অন্যান্য অভিবাসন প্রক্রিয়াতেও একই ধরনের বড় অঙ্কের ফি নিয়ে আলোচনা চলছে। তবে এগুলো এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়ন হয়নি।
বিশ্লেষকদের মতে, প্রশাসন একের পর এক বড় অঙ্কের ফি প্রস্তাব সামনে এনে জনমত ও রাজনৈতিক প্রতিক্রিয়া যাচাই করছে। পরে এর মধ্য থেকে কিছু প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা হতে পারে। যদি এসব প্রস্তাব কার্যকর হয়, তাহলে দেশটিতে পড়াশোনা শেষে চাকরি করতে চাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিদেশি দক্ষ কর্মীদের জন্য খরচ অনেক বেড়ে যাবে।
এর প্রভাব বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি খাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপরও পড়তে পারে। আর যারা সেখানে পাকাপাকিভাবে থাকতে চান, তাদের জন্য বিষয়টি অত্যন্ত খরচ সাপেক্ষ হবে।
logo-1-1740906910.png)