বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:১০
যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের নাগরিকরা ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া বি-১ এবং বি-২ ভিসার আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে বাধ্য থাকবেন।
৩১ জুলাই কেন্দ্রীয় সরকারের এক নোটিসে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীদের কাছ থেকে জামানত চাইতে পারবেন।
২০২৫ সালে পরীক্ষামূলকভাবে ভিসা বন্ড কর্মসূচি চালু করা হয়েছিল। তখন কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড চাইতে পারতেন। নতুন সিদ্ধান্তে ৫ হাজার ডলারের সুযোগ বাতিল করে সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
মার্কিন সরকারের ভাষ্য, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ঘটনা কমাতে এই নীতি নেওয়া হয়েছে। তাদের মতে, বন্ডভিত্তিক ভিসাধারীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে ভিসা বন্ড কার্যকর উপায়।
এই কর্মসূচির আওতায় থাকা ৫০ দেশের মধ্যে ৩০টি আফ্রিকার। এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, জর্জিয়া, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নেপাল, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান।
অভিবাসন খাতের অধিকারকর্মীরা মনে করছেন, নতুন নিয়মের ফলে যুক্তরাষ্ট্রে বৈধ উদ্দেশ্যে ভ্রমণও কমে যাবে। অনেকেই আশঙ্কা করছেন, উচ্চ অঙ্কের জামানত জমা দেওয়ার শর্ত সাধারণ শিক্ষার্থী, পর্যটক বা ব্যবসায়ীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।
logo-1-1740906910.png)