Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র থেকে কয়েক লাখ অভিবাসী কর্মী ছাঁটাইয়ের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:২৬

যুক্তরাষ্ট্র থেকে কয়েক লাখ অভিবাসী কর্মী ছাঁটাইয়ের নির্দেশ

মানবিক কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ বিদেশি কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। শুক্রবার নিয়োগকর্তাদের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) সুবিধাভোগীদের কাজের অনুমতি আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস জানিয়েছে, হাইতির নাগরিকদের কাজের অনুমতি শেষ হবে ২৪ জুলাই। ইথিওপিয়া, মিয়ানমার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরই এই নির্দেশনা কার্যকর হলো। ওই রায়ে হাইতি ও সিরিয়ার নাগরিকদের জন্য থাকা টিপিএস সুবিধা বাতিলের ক্ষমতা ট্রাম্প প্রশাসনের হাতে বহাল রাখা হয়।

এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৩ লাখ ৩০ হাজার হাইতিয়ান এবং ৬ হাজার ১০০ সিরীয় নাগরিক ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়বেন। এছাড়া অন্য পাঁচটি দেশের আরো প্রায় ২০ হাজার মানুষ এই সুবিধার আওতায় রয়েছেন। অভিবাসী অধিকার কর্মীরা বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোর পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক, তাই এই সিদ্ধান্ত মানবিক সংকটকে আরো বাড়াবে।

ইউএসসিআইএস বারবার কাজের অনুমতির মেয়াদ বাড়াচ্ছিল। প্রথমে ১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ১০ জুলাই করা হয়। সর্বশেষ আবারো সময়সীমা বাড়ানো হয়েছে। তবে নোটিশ পৌঁছানোর আগেই অনেক নিয়োগকর্তা কর্মীদের ছাঁটাই করে দেন। অন্যদিকে কিছু নিয়োগকর্তা কর্মীদের বেতন তালিকায় রেখেছিলেন, ভেবে যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর হতে আরো সময় লাগবে।

আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কোয়ালিশনের আইনি উপদেষ্টা জ্যাকব মন্টি বলেন, “তারিখ বারবার পরিবর্তন হওয়ায় নিয়োগকর্তারা বিভ্রান্ত হয়েছেন। অনেকেই আশঙ্কা করেছেন, কাজের অনুপযুক্ত কাউকে চাকরিতে রাখলে তারা শাস্তির মুখে পড়তে পারেন।”

হাইতির হাজার হাজার টিপিএস সুবিধাভোগী যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, বৃদ্ধাশ্রম, উৎপাদন, নির্মাণ ও পরিবহন শিল্পে কাজ করছেন। তাদের ছাঁটাই হলে এসব খাতেও বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

ট্রাম্প প্রশাসন আগেই জানিয়েছিল, তারা টিপিএস সুবিধা বন্ধ করতে চায়। ফেডারেল আদালতের মামলার কারণে এত দিন সিদ্ধান্ত আটকে ছিল। তবে সুপ্রিম কোর্টের নতুন রায় নিম্ন আদালতগুলোকে এই সিদ্ধান্ত কার্যকর করার অনুমতি দিয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরের শুরুতে এল সালভাদরের প্রায় ২ লাখ নাগরিকের টিপিএস সুবিধাও বাতিল হতে পারে।

আইনজীবীরা দাবি করেছেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। অন্যদিকে মার্কিন সরকার সম্প্রতি লেবাননের নাগরিকদের জন্য এই সুবিধা বাড়ালেও হাইতি ও সিরিয়াসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য তা বাতিলের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।

১৯৯০ সাল থেকে চালু থাকা টিপিএস কর্মসূচি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মানবিক সুরক্ষা দিয়েছে। কিন্তু নতুন সিদ্ধান্তে কয়েক লাখ মানুষ চাকরি হারানোর পাশাপাশি ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়বেন। অভিবাসী অধিকার কর্মীরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের শ্রমবাজার ও মানবিক মূল্যবোধ উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে।

Logo