মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজার গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস) প্রকাশিত ‘জব ওপেনিংস অ্যান্ড লেবার মুভমেন্টস সার্ভে’ (জোল্টস) অনুযায়ী, মে মাসে চাকরির সুযোগ ৯ হাজার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৫ লাখ ৯৪ হাজারে। এটি ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ।
অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন চাকরির সংখ্যা হবে প্রায় ৭৩ লাখ। তবে বাস্তবে তা ছাড়িয়ে গেছে। যদিও কিছু বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, জরিপে অংশগ্রহণের হার কম থাকায় জোল্টস প্রতিবেদনকে সাবধানে বিবেচনা করা উচিত।
এপ্রিলে নতুন চাকরির সুযোগ সবচেয়ে বেশি তৈরি হয়েছিল মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোতে, যেখানে কর্মী সংখ্যা ১০ থেকে ২৪৯ জন। ছোট প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ বরং কমেছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পাইকারি খাতে অতিরিক্ত ৭১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিনোদন ও আতিথেয়তা শিল্পে শূন্যপদ বেড়েছে ৯৫ হাজার, যা মূলত রেস্তোরাঁ ও বারের কারণে। নির্মাণ ও উৎপাদন খাতেও চাকরির বিজ্ঞাপন বৃদ্ধি পেয়েছে। তবে স্বাস্থ্য ও সামাজিক সহায়তা খাতে চাকরির সংখ্যা কমেছে ১ লাখ ১৫ হাজার। অর্থ ও বীমা খাতে ৬৯ হাজার এবং পরিবহন ও গুদামজাতকরণ খাতে ৪৩ হাজার শূন্যপদ কমেছে।
মে মাসে সামগ্রিক নিয়োগ কার্যক্রম কিছুটা হ্রাস পেয়েছে, যা অকৃষি কর্মসংস্থানের ধারাবাহিক বৃদ্ধির সঙ্গে বৈপরীত্য তৈরি করেছে। তবুও বসন্তকালীন এই প্রবৃদ্ধি ২০২৫ সালের নিয়োগ মন্দা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। মে মাসকে গত দুই বছরের মধ্যে চাকরির বাজারের সবচেয়ে শক্তিশালী সময় হিসেবে দেখা হচ্ছে।
শ্রমবাজারের এই ইতিবাচক প্রবণতা টানা তিন মাস ধরে কর্মসংস্থান বৃদ্ধির ধারাকে অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি মার্কিন অর্থনীতির জন্য আশাব্যঞ্জক সংকেত। তবে খাতভেদে বৈষম্যও স্পষ্ট। যেখানে বিনোদন, নির্মাণ ও পাইকারি খাতে প্রবৃদ্ধি হচ্ছে, সেখানে স্বাস্থ্য, বীমা ও পরিবহন খাতে সংকোচন দেখা যাচ্ছে।
logo-1-1740906910.png)