যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় অভিবাসীদের সামনে নতুন বিপদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:২০
যুক্তরাষ্ট্রে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বা অস্থায়ী সুরক্ষা মর্যাদায় বসবাসরত অভিবাসীদের সামনে নতুন সংকট দেখা দিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মোলেন জানিয়েছেন, টিপিএস সুবিধাভোগীদের স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার চেষ্টা করা উচিত। তা সম্ভব না হলে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিভক্ত রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার শত শত অভিবাসীর মানবিক সুরক্ষার মর্যাদা বাতিল করার অনুমতি দেওয়া হয়। এত দিন এই মর্যাদা তাদের সংঘাত ও দারিদ্র্যে জর্জরিত নিজ দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিয়ে আসছিল।
মন্ত্রী মোলেন বলেন, “হয় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে কাগজপত্র জমা দিন, নয়তো আমরা আপনাকে দেশে ফেরার ব্যবস্থা করব।” তিনি জানান, দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিট এবং নতুন করে জীবন শুরু করতে প্রায় ২১০০ ডলার দেওয়া হবে। তার মতে, টিপিএস নাম থেকেই স্পষ্ট, এটি কোনো স্থায়ী মর্যাদা নয়।
২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর হাইতির নাগরিকদের জন্য টিপিএস দেওয়া হয়। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে ২০১২ সালে সিরীয়দের জন্যও এই সুবিধা চালু হয়। এত দিন এই মর্যাদা বারবার নবায়ন করা হলেও এখন তা বাতিলের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনো হাইতি ও সিরিয়ায় ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে, যেখানে সহিংসতা, অপরাধ ও অপহরণের ঘটনা ব্যাপকভাবে ঘটছে।
এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই বিরোধিতা দেখা দিয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, হাইতিয়ানদের দেশে ফেরানো নিরাপদ নয়। বরং তাদের অপসারণ স্থানীয় অর্থনীতির জন্য ক্ষতিকর হবে এবং স্বাস্থ্যসেবা খাতে জনবল সংকট তৈরি করবে। তিনি উল্লেখ করেন, হাইতিয়ান অভিবাসীরা ওহাইওতে শিল্প-পরবর্তী পতনের পর অর্থনীতি পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা নার্সিং হোমে রোগীদের সেবা দিচ্ছেন এবং প্রবীণদের যত্ন নিচ্ছেন।
ডিওয়াইন বলেন, “এখন যদি আমরা তাদের সবাইকে সরিয়ে দিই, আমাদের নিজেদের স্বার্থেই তা সম্ভব হবে না।”
সুপ্রিম কোর্টের এই রায়কে ট্রাম্প প্রশাসনের অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আদালত আশ্রয়প্রার্থীদের নীতির সঙ্গেও ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে।
logo-1-1740906910.png)