Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

গ্রিন কার্ড পাওয়া আরো কঠিন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৫১

গ্রিন কার্ড পাওয়া আরো কঠিন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়া আরো কঠিন হতে যাচ্ছে। সম্প্রতি ইউএসসিআইএস (মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা) একটি নীতিগত স্মারক প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে- অভিবাসন স্ট্যাটাস পরিবর্তন বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস আর সহজ প্রক্রিয়া থাকবে না। বিশেষ করে যারা পর্যটক ভিসায় বা অস্থায়ীভাবে প্রবেশ করেছেন, তাদের জন্য গ্রিন কার্ড পাওয়া এখন থেকে অনেক বেশি সীমিত হবে।

স্মারকে বলা হয়েছে, স্ট্যাটাস পরিবর্তন কোনো স্বাভাবিক অধিকার নয়, বরং এটি একটি প্রশাসনিক ‘গ্রেস’ বা বিশেষ সুযোগ। সাধারণত অভিবাসন ভিসা কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া উচিত। তাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সরাসরি গ্রিন কার্ডের আবেদন করা হলে তা নেতিবাচকভাবে দেখা হবে। আবেদনকারীদের অসাধারণ বা বিশেষ কারণ দেখাতে হবে, যাতে তাদের আবেদন বিবেচনা করা যায়।

২০১৪ থেকে ২০২৩ অর্থবছরের মধ্যে প্রতি বছর গড়ে প্রায় ৫ লাখ ৪০ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে থেকেই গ্রিন কার্ডের আবেদন করেছিলেন। তাদের অনেকেই পর্যটক বা অস্থায়ী ভিসায় প্রবেশ করে পরে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন। নতুন নীতি কার্যকর হলে এই সুবিধা আর সহজে পাওয়া যাবে না।

সমালোচকরা বলছেন, ইউএসসিআইএস নতুন করে একটি বাধ্যতামূলক শর্ত তৈরি করছে, যা আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে সংস্থাটি বলছে, এটি কোনো নতুন শর্ত নয়, বরং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা আবেদনকারীর পারিবারিক সম্পর্ক, নৈতিক চরিত্র, অভিবাসন ইতিহাসসহ সব ইতিবাচক ও নেতিবাচক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেন।

নতুন নীতির মাধ্যমে অবৈধভাবে দেশে থেকে যাওয়ার ঝুঁকি কমবে। একই সঙ্গে ইউএসসিআইএসের সম্পদ অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে; যেমন আশ্রয় আবেদন, নাগরিকত্ব প্রক্রিয়া এবং কর্মসংস্থান অনুমোদন।

স্টেট ডিপার্টমেন্টের নীতিমালায় বলা আছে, পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীরা স্থায়ীভাবে থাকার উদ্দেশে আসতে পারবেন না। যদি কেউ গ্রিন কার্ডের আবেদন করতে চান, তবে তাদের ‘ডুয়াল ইন্টেন্ট’ ভিসা থাকতে হবে। অর্থাৎ একই সঙ্গে অস্থায়ী ভিসা ও স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ থাকতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে। এতদিন স্ট্যাটাস পরিবর্তন ছিল কনস্যুলার প্রক্রিয়ার সহজ বিকল্প। এখন তা আর সম্ভব হবে না। ফলে অনেক আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।

Logo