গ্রিন কার্ড আবেদনে সুর নরম হলো ট্রাম্প প্রশাসনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৮:৩২
যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন প্রক্রিয়ায় কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস)। সংস্থাটি জানিয়েছে, যেসব আবেদনকারীকে মার্কিন অর্থনীতির জন্য লাভজনক বলে বিবেচনা করা হবে, তারা যুক্তরাষ্ট্র না ছাড়াই স্থায়ী বাসিন্দার মর্যাদা পরিবর্তনের আবেদন করতে পারবেন।
এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিল, গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হলে অস্থায়ী ভিসাধারীদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা হয় এবং অভিবাসন আইনজীবীরা বলেন, এতে পরিবার বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়বে এবং অনেকেই চাকরি হারাতে পারেন।
ইউএসসিআইএসের মুখপাত্র জ্যাক কাহলার জানিয়েছেন, আবেদনকারীর যোগ্যতা ও জাতীয় স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখলে তারা যুক্তরাষ্ট্রে থেকেই আবেদন করতে পারবেন, অন্যদের ক্ষেত্রে নিজ দেশে ফিরে আবেদন করতে হতে পারে।
অভিবাসন আইনজীবী স্টিভেন ব্রাউন প্রশাসনের পদক্ষেপকে সমালোচনা করে বলেন, “তারা আগে ঘোষণা দেয়, পরে বুঝতে পারে ভুল হয়েছে। তখন পরিস্থিতি সামাল দিতে কিছুটা নমনীয় হয়।” অলাভজনক সংস্থা এইচআইএএস সতর্ক করেছে, এ নীতির কারণে মানব পাচারের শিকার ব্যক্তি ও নির্যাতিত শিশুদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনজীবীদের সংগঠন এআইএলএ জানিয়েছে, বছরের পর বছর ধরে চলে আসা নিয়ম কেবল একটি মেমোর মাধ্যমে বদলে ফেলার চেষ্টা বেআইনি। এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
logo-1-1740906910.png)