Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত মার্কিন অভিবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:৩৩

আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত মার্কিন অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি পেতে আগ্রহী লাখো অভিবাসীর জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন গ্রিন কার্ড নীতি। গত শুক্রবার ঘোষিত নিয়ম অনুযায়ী, গ্রিন কার্ড আবেদনকারীদের স্থায়ী ভিসার জন্য আবেদন করতে হলে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে।

এটি যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানরত বিপুলসংখ্যক অভিবাসীকে প্রভাবিত করবে। দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্যে থাকা আবেদনকারীরা বাধ্য হয়ে দেশ ছাড়তে হবে, যার ফলে পরিবার বিচ্ছিন্ন হবে, চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে এবং কমিউনিটিগুলোতে অস্থিরতা দেখা দিতে পারে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা জানিয়েছে, ব্যতিক্রমী পরিস্থিতিতে কিছু ছাড় দেওয়া হবে। সংস্থার মুখপাত্র জ্যাক কাহলার বলেছেন, বিদেশ থেকে আবেদন করলে আবেদন বাতিল হলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ঝুঁকি কমে যায়।

২০২৪ অর্থবছরে প্রায় ১৪ লাখ মানুষ বৈধ স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন। নতুন নিয়ম কার্যকর হলে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নীতিটি ঘোষণার পর থেকেই আইনজীবী, আইনপ্রণেতা ও অভিবাসন অধিকারকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রতিনিধি ডেলিয়া সি রামিরেজ এক্সে লিখেছেন, এই নীতি ‘চরম নিষ্ঠুরতারও বাইরে’। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের মূল প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। অ্যারিজোনার প্রতিনিধি গ্রেগ স্ট্যান্টন অভিযোগ করেছেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবেই বৈধ অভিবাসনকে কঠিন করে তুলছেন। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি টেড লিউ একে ‘বোকামিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

ক্যাট ইনস্টিটিউটের অভিবাসন গবেষক ডেভিড জে বিয়ার লিখেছেন, এই নীতি মেধাবী মানুষদের অন্য দেশে চলে যেতে উৎসাহিত করবে এবং যুক্তরাষ্ট্রকে ব্যবসার জন্য কম প্রতিযোগিতামূলক স্থানে পরিণত করবে।

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। তবে নতুন নিয়ম দেখাচ্ছে, বৈধ অভিবাসনের পথও সীমিত করা হচ্ছে। এর আগে আশ্রয় আবেদন কমানো, অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল, শরণার্থী গ্রহণে সীমাবদ্ধতা এবং কাজ ও শিক্ষার্থী ভিসায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

Logo