Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যায় প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৪৯

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যায় প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

২০২১ সালে বাংলাদেশে এক মার্কিন নাগরিককে হত্যার দায়ে নিউ ইয়র্কের এক প্রবাসীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ৮ মে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গনেট রোজারিও। আদালতের নথি অনুযায়ী, তিনি ইতোপূর্বে হত্যার অভিযোগ স্বীকার করেছিলেন। ২০২১ সালের জুন মাসে মুন্সীগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গনেট তার চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। তারা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

ঘটনার বিবরণে বলা হয়েছে, ২০২১ সালের ১১ জুন রাতে গনেট বাড়ির বাইরে ধূমপান করছিলেন। তখন ভেতর থেকে মাইকেল তাকে গালিগালাজ করেন। এরপর গনেট ঘরে গিয়ে একটি শটগান নিয়ে আসেন এবং জানালার অস্বচ্ছ শাটারের ভেতর দিয়ে গুলি ছোড়েন। গুলি মাইকেলের পেটে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর গনেট ২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ফিরে যান। ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামলাটি তদন্ত করেছে এফবিআইর লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক ফিল্ড অফিস। তদন্তে এফবিআইর ঢাকা অফিস এবং বাংলাদেশ কর্তৃপক্ষও সহযোগিতা করেছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসন ডুভা এবং মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন সাজা ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

Logo