যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি ছাত্রের লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:১২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ ঘটনার তদন্ত নতুন মোড় নিয়েছে। নিখোঁজদের একজন জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তার রুমমেটকে। যদিও অন্য নিখোঁজ আরেক পিএইচডি স্টুডেন্ট নাহিদা বৃষ্টিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ এপ্রিল ট্যাম্পা এলাকায় তাদের সর্বশেষ দেখা যায়। নিখোঁজের এক সপ্তাহের বেশি পার হওয়ার পরও খোঁজ না মেলায় তাদের ‘ঝুঁকিপূর্ণ’ বা বিপন্ন হিসেবে ঘোষণা করা হয়।
পুলিশের অভিযানে সন্দেহভাজন এক ইউএস নাগরিক হিশাম আবু গারবেহকে আটক করা হয়, যিনি লিমনের রুমমেট ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। তাকে আটকের সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের বরাত দিয়ে সিবিএস নিউজের রিপোর্টে বলা হয়েছে, হিশামের বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। কিন্তু কী কারণে লিমনের এই মৃত্যু, তা প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি।
এদিকে, জামিল লিমনের মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত চলছে।ময়নাতদন্তের রিপোর্ট এলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। অন্যদিকে, নিখোঁজ নাহিদা বৃষ্টিকে খুঁজে পেতে জোরেশোরে তল্লাশি অভিযান চলছে।
logo-1-1740906910.png)