Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় তরুণদের বেকারত্ব বেড়ে ১৪.১%

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬

কানাডায় তরুণদের বেকারত্ব বেড়ে ১৪.১%

কানাডার শ্রমবাজারে তরুণদের জন্য সময়টা এখন কঠিন। স্ট্যাটিস্টিকস কানাডার সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.১ শতাংশে। এটি জাতীয় গড় ৬.৭ শতাংশের দ্বিগুণেরও বেশি।  

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর তরুণরা। কৃষ্ণাঙ্গ তরুণদের বেকারত্বের হার ২৩.২ শতাংশে পৌঁছেছে, চীনা তরুণদের মধ্যে এ হার ১৭.৪ শতাংশ এবং দক্ষিণ এশীয় তরুণদের মধ্যে ১৩ শতাংশ। এর বিপরীতে শ্বেতাঙ্গ তরুণদের বেকারত্বের হার মাত্র ১১.২ শতাংশ।  

বিশ্লেষকরা বলছেন, সুদের হার বৃদ্ধি ও বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় নতুন নিয়োগ কমে গেছে। কোম্পানিগুলো অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দিচ্ছে, ফলে নতুন স্নাতক তরুণেরা চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। অভিবাসী তরুণদের শক্তিশালী নেটওয়ার্ক না থাকায় তারা যোগ্য হলেও চাকরির সুযোগ পাচ্ছেন না।  

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় অধ্যয়নরত আশিক জামান বলেন, “শ্বেতাঙ্গ সহপাঠীরা রেফারেন্সের মাধ্যমে দ্রুত কাজ পেলেও আমাদের শত শত জায়গায় সিভি দিয়েও কোনো সাড়া পাওয়া যায় না। সাধারণ দোকানে কাজের জন্যও শত শত আবেদন জমা পড়ে।”  

২০২৬ সালের প্রথম দুই মাসেই কানাডায় প্রায় ১ লাখ ৯ হাজার কর্মসংস্থান হারিয়েছে, যার অর্ধেকই ফুল-টাইম চাকরি। এর মধ্যে তরুণদের কর্মসংস্থান কমেছে ৬৪ হাজার। কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে গত ১৫ বছরের মধ্যে এটিই তরুণদের জন্য সবচেয়ে খারাপ সময় হিসেবে ধরা হচ্ছে।  

টরন্টো, মন্ট্রিয়াল, এডমন্টন, ভ্যানকুভার ও ক্যালগেরির মতো বড় শহরে অভিবাসীদের সংখ্যা বেশি হওয়ায় প্রতিযোগিতা তীব্র। অন্যদিকে ছোট শহরে চাকরির সুযোগ সীমিত। ফলে দক্ষিণ এশীয় ও বাংলাদেশি শিক্ষার্থীরা দ্বিগুণ সংকটে পড়েছেন- একদিকে বৈষম্য, অন্যদিকে চাকরির অভাব।

Logo