Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে বড় পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:২২

কানাডায় এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে বড় পরিবর্তন

কানাডা সরকার তাদের জনপ্রিয় অভিবাসন ব্যবস্থা এক্সপ্রেস এন্ট্রিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) প্রকাশিত ফরওয়ার্ড রেগুলেটরি প্ল্যান ২০২৬-২০২৮ অনুযায়ী, বর্তমান তিনটি প্রোগ্রাম বাতিল করে নতুন একটি সরলীকৃত ক্যাটাগরি চালু করা হবে।

বর্তমানে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে তিনটি আলাদা প্রোগ্রাম রয়েছে। যেমন- ফেডারেল স্কিলড ওয়ার্কার ক্লাস (FSWC), কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস (CEC) এবং ফেডারেল স্কিলড ট্রেডস ক্লাস (FSTC)। এগুলো বাতিল করে একটি নতুন প্রোগ্রাম চালু করা হবে, যেখানে যোগ্যতার শর্তগুলো সহজ ও সরল করা হবে।

আইআরসিসি জানিয়েছে, নতুন ব্যবস্থা কানাডার অর্থনীতি ও ব্যবসায়িক খাতকে সহায়তা করবে। এতে আন্তর্জাতিক প্রতিভার বৈচিত্র্যময় একটি ভাণ্ডার তৈরি হবে, যা বিভিন্ন শ্রমবাজারের চাহিদা পূরণ করবে। একই সঙ্গে আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি আরো সহজ হবে এবং নিয়োগকর্তা ও অংশীদারদের জন্যও বোঝা সহজ হবে।

এই পরিবর্তন এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের বসন্তে সরকার অংশীদার, স্টেকহোল্ডার ও সাধারণ জনগণের সঙ্গে পরামর্শ করবে। এরপর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

২০১৫ সালে এক্সপ্রেস এন্ট্রি চালুর পর থেকে এটি কানাডার উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসন ব্যবস্থার মূল কাঠামো হয়ে উঠেছে। ২০২৫ সালে এই সিস্টেমের মাধ্যমে প্রায় ১ লাখ ১৭ হাজার ৯৯৮ জনকে স্থায়ী বসবাসের আমন্ত্রণ জানানো হয়েছিল।

বর্তমান ব্যবস্থায় আবেদনকারীরা প্রথমে তিনটি প্রোগ্রামের যে কোনো একটির যোগ্যতা পূরণ করে এক্সপ্রেস এন্ট্রি পুলে প্রবেশ করেন। এরপর কমপ্রিহেনসিভ র‌্যাঙ্কিং সিস্টেম (CRS) অনুযায়ী তাদের র‌্যাঙ্ক করা হয়। সর্বোচ্চ র‌্যাঙ্কধারীরা স্থায়ী বসবাসের আমন্ত্রণ পান এবং ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হয়। সাধারণত ছয় মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনটি বিদ্যমান প্রোগ্রামের যোগ্যতার শর্তগুলোও আলাদা।

কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস: আবেদনকারীর কমপক্ষে এক বছরের কানাডায় দক্ষ কাজের অভিজ্ঞতা থাকতে হয়।

ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম: আবেদনকারীর গত ১০ বছরে এক বছরের ধারাবাহিক দক্ষ কাজের অভিজ্ঞতা থাকতে হয়, যা কানাডার বাইরে হলেও চলবে। বয়স, শিক্ষা ও ভাষা দক্ষতাও বিবেচনায় নেওয়া হয়।

ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম: আবেদনকারীর কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হয়। পাশাপাশি বৈধ চাকরির অফার বা কানাডায় প্রদত্ত যোগ্যতার সনদ থাকতে হয়।

নতুন প্রোগ্রাম চালু হলে এসব আলাদা শর্ত বাতিল হয়ে একটি সরলীকৃত কাঠামো তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, এটি হবে কানাডার অভিবাসন ব্যবস্থায় ২০১৫ সালের পর সবচেয়ে বড় পরিবর্তন।

Logo