Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় দুই কোম্পানিতে চাকরি করলে সঙ্গীও পাবেন ওয়ার্ক পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০

কানাডায় দুই কোম্পানিতে চাকরি করলে সঙ্গীও পাবেন ওয়ার্ক পারমিট

কানাডা সরকার নতুন নীতি ঘোষণা করেছে, যার মাধ্যমে ব্রিটিশ কলম্বিয়ার দুটি বড় কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকদের স্ত্রী বা স্বামী ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। সিআইসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই সুবিধা দেওয়া হচ্ছে লুলুলেমন অ্যাথলেটিকা এবং মাইক্রোসফট ভ্যাঙ্কুভারে কর্মরত বিদেশি কর্মীদের পরিবারকে।  

২৩ মার্চ ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নীতির আওতায় যোগ্য স্ত্রী বা স্বামী কানাডার প্রায় সব শিল্পে কাজ করতে পারবেন। আগে কেবল উচ্চ দক্ষতাসম্পন্ন (TEER 0, 1, 2 বা 3) বিদেশি কর্মীদের পরিবার এ সুবিধা পেতেন। এখন নিম্ন দক্ষতাসম্পন্ন (TEER 4 বা 5) কর্মীদের পরিবারও এই সুযোগ পাবেন।  

বিদেশি কর্মী যদি কানাডায় বৈধভাবে কাজ করেন বা প্রভিশনাল অনুমোদন পান, তবে তাদের স্ত্রী বা স্বামী ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর সঙ্গে সম্পর্কের সত্যতা প্রমাণ করতে হবে। যেমন বিবাহ সনদ বা কমন-ল’ ইউনিয়নের ঘোষণাপত্র।  

আবেদন করার সময় অনলাইনে “SIPSPOUSEBC” কোড ব্যবহার করতে হবে। এতে বোঝা যাবে যে আবেদনটি বিশেষ বিনিয়োগ প্রকল্পের আওতায় করা হয়েছে।  

আগে কেবল উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের পরিবার এ সুবিধা পেতেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে কানাডা পরিবারভিত্তিক ওপেন ওয়ার্ক পারমিটের নিয়ম কঠোর করে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারও সীমিত করা হয়। এখন মাস্টার্স, পিএইচডি বা নির্দিষ্ট পেশাগত ডিগ্রিতে ভর্তি শিক্ষার্থীদের পরিবারই এ সুবিধা পান।  

তবে লুলুলেমন ও মাইক্রোসফটকে “সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট” হিসেবে চিহ্নিত করায় তাদের কর্মীদের পরিবারকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।  

কানাডা সরকার বলছে, এই নীতি দেশের অর্থনীতিতে বড় বিনিয়োগকারী কোম্পানিগুলোর কর্মীদের আকৃষ্ট করতে সহায়ক হবে। একই সঙ্গে পরিবারকে সঙ্গে নিয়ে আসার সুযোগ থাকায় বিদেশি কর্মীরা দীর্ঘমেয়াদে কানাডায় থাকতে উৎসাহিত হবেন।  

অন্যদিকে, সরকার সামগ্রিকভাবে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমাতে চাইছে। বর্তমানে কানাডার মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ অস্থায়ী বাসিন্দা। ২০২৭ সালের মধ্যে তা ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

সরকারের এই পদক্ষেপ বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতি আস্থা বাড়াবে এবং দক্ষ জনশক্তি ধরে রাখতে সহায়ক হবে।

Logo