আইআরসিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৪৫ হাজার ২৩৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩২ হাজার ৯৯৪টি আবেদন প্রক্রিয়ায় গৃহীত হয়, আর ১২ হাজার ২৪১টি আবেদন অসম্পূর্ণ থাকায় বাতিল হয়। মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে ১,৬৩৫টি, ফেব্রুয়ারিতে ১,৩৭৯টি, মার্চে ১,১৮০টি এবং অক্টোবর মাসে ৯৪০টি আবেদন ব্যর্থ হয়।
কানাডার অভিবাসন আইন অনুযায়ী, Regulation 10 (R10) এর অধীনে প্রতিটি আবেদনকে সম্পূর্ণ হতে হয়। অর্থাৎ আবেদনপত্রে সব ফর্ম, নথি, তথ্য, স্বাক্ষর এবং ফি থাকতে হবে। আবেদন অসম্পূর্ণ হলে তা ফেরত পাঠানো হয় এবং আবেদনকারীকে ফি ফেরত দেওয়া হয়। তবে আবেদন সম্পূর্ণ হলে সেটি প্রক্রিয়ায় যায় এবং আবেদনকারীর জন্য একটি Application Number ও Acknowledgement of Receipt (AOR) জারি করা হয়।
আবেদন সম্পূর্ণ হলে প্রথমে স্পন্সরের যোগ্যতা যাচাই করা হয়। এরপর স্পন্সরকৃত ব্যক্তির স্থায়ী বসবাসের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই করা হয়। এ সময় মেডিকেল পরীক্ষা ও বায়োমেট্রিকস জমা দিতে হয়। আবেদন অনুমোদিত হলে স্পন্সরকৃত ব্যক্তিকে পাসপোর্ট, ছবি ও স্থায়ী বসবাসের ফি জমা দিতে বলা হয়। এরপর অনলাইনে Permanent Residence Portal-এর মাধ্যমে স্থায়ী বসবাস নিশ্চিত করা হয়। প্রয়োজনে সাক্ষাৎকারও নেওয়া হতে পারে।
আইআরসিসি জানিয়েছে, অনেক আবেদন অসম্পূর্ণ থাকে। কারণ আবেদনকারীরা নির্দেশিকা পুরোপুরি পড়েন না বা নথি জমা দিতে ভুল করেন। অনেক সময় স্বাক্ষর বাদ পড়ে যায়, ফি জমা হয় না বা অনুবাদ করা নথি সঠিকভাবে সংযুক্ত থাকে না। এমনকি ডকুমেন্ট চেকলিস্ট নিজেই আবেদনপত্রে সংযুক্ত না থাকলেও আবেদন বাতিল হয়।
আইআরসিসি পরামর্শ দিয়েছে, আবেদনকারীদের অবশ্যই IMM 5289 নির্দেশিকা ভালোভাবে পড়তে হবে এবং স্পন্সর ও স্পন্সরকৃত ব্যক্তির জন্য আলাদা ডকুমেন্ট চেকলিস্ট পূর্ণ করতে হবে। প্রতিটি ফর্মে সঠিক স্বাক্ষর থাকতে হবে। কোনো অংশ প্রযোজ্য না হলে “Not applicable” লিখতে হবে। অনুপস্থিত নথির ক্ষেত্রে ব্যাখ্যামূলক চিঠি দিতে হবে। ফি জমা দিয়ে রসিদ সংযুক্ত করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে সব নথি ও ফর্ম আবার যাচাই করা জরুরি।
স্পাউস স্পন্সরশিপ কানাডায় স্থায়ী বসবাসের অন্যতম জনপ্রিয় পথ। তবে আবেদন অসম্পূর্ণ থাকায় অনেক পরিবার দীর্ঘ সময় অপেক্ষার পর হতাশায় পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আবেদনকারীদের সচেতনতা ও প্রস্তুতি বাড়ানো জরুরি। সঠিকভাবে আবেদন করলে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এবং পরিবারগুলো একত্রিত হতে পারে।
logo-1-1740906910.png)