যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়: রুবিও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়, বরং এটি কেবল দেশটিতে প্রবেশের অনুমতি পত্র। কেউই স্বাভাবিকভাবে ভিসা পাওয়ার যোগ্য নয়। দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থবিরোধী কার্যক্রমে যুক্ত হলে তাদের ভিসা বাতিল করা হবে।
১৭ ফেব্রুয়ারি হাঙ্গেরি সফরে গিয়ে রাজধানী বুদাপেস্টে প্রেসিডেন্ট ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান রুবিও। তিনি বলেন, ভিসা কেবল পর্যটক, শিক্ষার্থী বা সাংবাদিক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেয়। কিন্তু কেউ যদি দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠে, তাদের ভিসা বাতিল করা হবে।
রুবিও আরো জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র ৭০টির বেশি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কারণ এসব দেশের নাগরিক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে এসে নিয়মিত সুযোগ-সুবিধা গ্রহণ করছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে বলেন, আবেদনকারীর বিষয়ে যদি জানা যায় যে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কার্যক্রমে যুক্ত, তবে তাকে ভিসা দেওয়া হবে না।
এই বক্তব্যে রুবিও যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতির কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক মহলে এ ধরনের পদক্ষেপ নিয়ে বিতর্ক থাকলেও ওয়াশিংটন বলছে, জাতীয় নিরাপত্তা রক্ষাই তাদের প্রধান দায়িত্ব।
logo-1-1740906910.png)