যুক্তরাষ্ট্রে আটক অভিবাসীদের বেশির ভাগেরই অপরাধের রেকর্ড নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (ICE) যাদের আটক করছে, তাদের বেশির ভাগেরই সহিংস অপরাধের কোনো রেকর্ড নেই- এমন তথ্য উঠে এসেছে এক সরকারি নথিতে। সিবিএস নিউজ প্রকাশিত সংবাদে জান যায়, ট্রাম্প প্রশাসন অভিবাসীদের ব্যাপকভাবে আটক ও বহিষ্কারের নীতি গ্রহণ করলেও বাস্তবে দেখা যাচ্ছে, আটক হওয়া অভিবাসীদের মধ্যে সহিংস অপরাধে জড়িতদের সংখ্যা খুবই কম।
নথি অনুযায়ী, গত কয়েক বছরে আইসের হাতে আটক হওয়া অভিবাসীদের মধ্যে অর্ধেকেরও বেশি কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত নয়। অনেকের বিরুদ্ধে ছোটখাটো আইন ভঙ্গের অভিযোগ থাকলেও তা সহিংস অপরাধের মধ্যে পড়ে না। অথচ প্রশাসন বারবার দাবি করেছে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অপরাধ বাড়াচ্ছে এবং নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই তথ্য প্রমাণ করে যে অভিবাসীদের বিরুদ্ধে সরকারের প্রচারণা বিভ্রান্তিকর। তারা অভিযোগ করেছে, অভিবাসীদের ভয় দেখিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে। বাস্তবে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখছে এবং অনেক ক্ষেত্রেই আইন মেনে চলার চেষ্টা করছে।
আইসের নথিতে আরো উল্লেখ করা হয়েছে, আটক হওয়া অভিবাসীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তাদের পরিবারও এখানে রয়েছে। তাদের হঠাৎ করে আটক ও বহিষ্কার করা হলে পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য আদালতে অভিবাসীদের পক্ষে বড় ধরনের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কারণ প্রশাসন যে যুক্তি দিয়ে অভিবাসীদের আটক করছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না।
আইসের নথি প্রকাশের পর যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, অভিবাসীদের অপরাধী হিসেবে চিত্রিত করার চেষ্টা আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, অভিবাসীদের অধিকার রক্ষায় আরও শক্ত অবস্থান নিতে হবে।
logo-1-1740906910.png)