যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে প্রাণহানি ২০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৬
তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, এই তুষারঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১২ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, যেখানে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস ও পেনসিলভানিয়াতেও প্রাণহানি ঘটেছে।
লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বিভিন্ন স্থানে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। বাতিল হয়েছে ১০ হাজারেরও বেশি ফ্লাইট। দুর্যোগ কবলিত রাজ্যগুলোর বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া শীতকালীন ঝড় ধীরে ধীরে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারির দিকে আরও একটি ভয়াবহ তুষারঝড় আঘাত হানতে পারে। এতে প্রায় ১৯ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আরো কয়েকটি অঙ্গরাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সংস্থাটি বলছে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় হিমশীতল তাপমাত্রা বিরাজ করবে এবং বহু স্থানে রেকর্ড পরিমাণ নিম্ন তাপমাত্রা দেখা যেতে পারে।
logo-1-1740906910.png)