Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্নে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৫

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের ওপর কঠোর দমন-পীড়নের জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দু’জন নিহত হওয়ার ঘটনায় জনমনে ক্ষোভ বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনসমর্থনে। নতুন এক জরিপে দেখা গেছে, এ বিষয়ে তার জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্নে নেমে গেছে।  

রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, বর্তমানে মাত্র ৩৯ শতাংশ আমেরিকান ট্রাম্পের অভিবাসন কার্যক্রমকে সমর্থন করছেন। চলতি মাসের শুরুতে এই হার ছিল ৪১ শতাংশ। জরিপটি গত শুক্রবার থেকে রোববারের মধ্যে পরিচালিত হয়।  

মিনেসোটার মিনিয়াপোলিসে গত সপ্তাহান্তে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি নিহত হন। এর আগে ৭ জানুয়ারি একই শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে নিহত হন তিন সন্তানের জননী রিনি নিকোল গুড। এক মাসের কম সময়ের মধ্যে দুটি প্রাণহানির ঘটনা জনমনে ক্ষোভ বাড়িয়েছে।  

ক্রমবর্ধমান সমালোচনার মুখে ট্রাম্প জানিয়েছেন, তিনি তার সীমান্তবিষয়ক প্রধান টম হোম্যানকে মিনিয়াপোলিসে পাঠাবেন। এছাড়া মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সঙ্গে তার ‘খুব ভালো’ ফোনালাপ হয়েছে বলে উল্লেখ করেছেন।  

নতুন জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন আইসিই এজেন্টরা অভিবাসন অভিযানে অনেক বেশি বাড়াবাড়ি করছেন। এর বিপরীতে ২৬ শতাংশ মনে করেন তাদের কার্যক্রম যথাযথ, আর ১২ শতাংশের মতে তারা যথেষ্ট কঠোর নন।  

প্রেট্টি হত্যাকাণ্ডের আগে পরিচালিত অন্যান্য জরিপেও একই ধরনের চিত্র পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা ইউনিভার্সিটির জরিপে ৬১ শতাংশ উত্তরদাতা বলেছেন, আইসিইর কৌশল মাত্রা ছাড়িয়ে গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল এর জরিপেও ৫৮ শতাংশ উত্তরদাতা একই মত দিয়েছেন।

Logo