Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

আমেরিকায় ভয়াবহ তুষারঝড়, ১৬ রাজ্যে জরুরি অবস্থা জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮

আমেরিকায় ভয়াবহ তুষারঝড়, ১৬ রাজ্যে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের বিশাল অংশজুড়ে ভয়াবহ তুষারঝড় ও হাড়কাঁপানো ঠান্ডা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। টেক্সাস থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় দুই হাজার মাইল এলাকাজুড়ে বিস্তৃত এ ঝড়কে আবহাওয়াবিদরা ‘বিপজ্জনক’ ও ‘বিপর্যয়কর’ বলে আখ্যা দিয়েছেন। ইতোমধ্যেই ১৬টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  

সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ‘আইস স্টর্ম’ বা বরফ বৃষ্টি। দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে গাছের ডাল ও বিদ্যুতের লাইনে ভারী বরফ জমে তা ছিঁড়ে পড়ছে। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়তে পারেন এবং বিদ্যুৎ ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

ঝড়ের কারণে এরই মধ্যে আট হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সড়কগুলো বরফে পিচ্ছিল হয়ে যাওয়ায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ঘরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।  

আগামী এক সপ্তাহে আমেরিকার অর্ধেকের বেশি মানুষ শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা অনুভব করবেন। এই চরম ঠান্ডার কারণে জমে থাকা তুষার ও বরফ সহজে গলবে না। এতে বিদ্যুৎহীন অবস্থায় থাকা পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরো কষ্টদায়ক হয়ে উঠবে।  

মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, বরফের পুরুত্ব অনুযায়ী ক্ষয়ক্ষতির মাত্রা ভিন্ন হতে পারে। সামান্য স্তরের বরফ রাস্তাঘাটকে পিচ্ছিল করে যাতায়াত ঝুঁকিপূর্ণ করে তোলে। দশমিক ২৫ ইঞ্চি বা তার বেশি বরফ গাছের ডাল ভেঙে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত করতে পারে। আর দশমিক ৫ ইঞ্চি বা তার বেশি বরফ ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের কারণ হতে পারে।

Logo