যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২৩:২৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে প্রতিবাদ জানান।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বর্ষপূর্তির দিনে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের হাতে এক মার্কিন নারীকে গাড়ি থেকে টেনে নামানো এবং ৩৭ বছর বয়সী রেনে গুডকে গুলি করে হত্যার ঘটনা দেশজুড়ে ক্ষোভ বাড়িয়ে তোলে।
ওয়াশিংটন, নর্থ ক্যারোলিনার অ্যাশভিলসহ ছোট শহরগুলোতেও শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘নো আইসিই, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের বিষয়ে তারা ভোটারদের কাছ থেকে ম্যান্ডেট পেয়েছে। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক আইসিই ও অন্যান্য ফেডারেল সংস্থার শক্তি প্রয়োগের বিরোধিতা করছেন।
ওহাইওর ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নো হেইট, নো ফিয়ার, রিফিউজিস আর ওয়েলকাম হিয়ার’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে রাজ্য ক্যাপিটলে আয়োজিত ‘স্টপ আইসিই টেরর’ সমাবেশে যোগ দেন।
বামপন্থী সংগঠন ইন্ডিভিজিবল ও ৫০৫০১-এর পাশাপাশি শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সংগঠনগুলো এসব কর্মসূচি আয়োজন করেছে। তারা অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছে।
টেক্সাসের এল পাসোর একটি কেন্দ্রে গত ছয় সপ্তাহে তিন অভিবাসীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ আরও বাড়ে এবং বিক্ষোভ দেশটির পশ্চিমাঞ্চলের সান ফ্রান্সিসকো ও সিয়াটল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
logo-1-1740906910.png)