Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় প্রথমবার কমলো বিদেশি কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭

কানাডায় প্রথমবার কমলো বিদেশি কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা

কানাডায় বহু বছর পর প্রথমবারের মতো বিদেশি কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে মোট অস্থায়ী বাসিন্দা বা টেম্পোরারি রেসিডেন্ট (TR) কমেছে ১৪ হাজার ৯৫৪ জন। এর আগে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে কানাডায় ৭ লাখ ৮১ হাজারের বেশি নতুন অস্থায়ী বাসিন্দা যুক্ত হয়েছিল। ফলে এবারের পতনকে অভিবাসন নীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।  

সবচেয়ে বেশি হ্রাস দেখা গেছে কানাডার বড় শহরগুলোতে। টরন্টোতে একাই কমেছে ৪৪ হাজার ৭৯২ জন, যা দেশের মোট হ্রাসের তিন গুণেরও বেশি। ভ্যাঙ্কুভারে কমেছে ১০ হাজারের বেশি, কিচেনার, কেমব্রিজ, ওয়াটারলুতে কমেছে ৭ হাজারের বেশি। এছাড়া লন্ডন, হ্যামিলটন, উইনিপেগ, ভিক্টোরিয়া, ব্র্যান্টফোর্ড, হ্যালিফ্যাক্স ও কুইবেকেও অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমেছে।  

তবে কিছু অঞ্চলে আবার বেড়েছে। মন্ট্রিয়ালে বেড়েছে ১৭ হাজার ৬৩৫ জন, ক্যালগারিতে ৯ হাজার ৬০৮ জন, এডমন্টনে ৮ হাজার ৯৭২ জন। এছাড়া সেন্ট ক্যাথারিনস-নিয়াগ্রা, অটোয়া-গ্যাটিনো, উইন্ডসর, সাসকাটুন, সাগুনে, লেথব্রিজ ও রেড ডিয়ারেও অস্থায়ী বাসিন্দার সংখ্যা বেড়েছে। অর্থাৎ বড় শহরগুলোতে হ্রাস পেলেও কুইবেক ও আলবার্টার মতো প্রদেশে বৃদ্ধি দেখা গেছে।  

বিশেষজ্ঞরা বলছেন, নতুন অভিবাসন নীতির কারণে এই পরিবর্তন ঘটেছে। ২০২৪ সাল থেকে কানাডা সরকার বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের জন্য কঠোর নিয়ম চালু করেছে। এর মধ্যে রয়েছে কম মজুরির শ্রমিক নিয়োগে নতুন অনুমোদন বন্ধ, কম মজুরির কর্মীদের জন্য সর্বোচ্চ চাকরির মেয়াদ দুই বছর থেকে কমিয়ে এক বছর করা, উচ্চ মজুরির কর্মীদের জন্য বেতনসীমা বাড়ানো, স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট সীমিত করা, পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটে ভাষা ও পড়াশোনার ক্ষেত্রভিত্তিক শর্ত যোগ করা, কোভিড-১৯ সময়ের সহজ নীতি বাতিল করা এবং সীমান্তে একই দিনে আবেদন প্রক্রিয়া নিষিদ্ধ করা।  

এছাড়া ২০২৫ সালের জন্য স্টাডি পারমিটের সংখ্যা সীমিত করা হয়েছে। সর্বোচ্চ ৫৫০ হাজার আবেদন গ্রহণ করা হলেও অনুমোদন দেওয়া হবে ৪৩৭ হাজারে, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ কম। নতুন শিক্ষার্থীদের জন্য প্রাদেশিক বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার বাধ্যতামূলক করা হয়েছে।  

সব মিলিয়ে কানাডায় অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমার পেছনে কঠোর অভিবাসন নীতি বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে। এর ফলে বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের জন্য কানাডায় প্রবেশ ও অবস্থান আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে।

Logo