এইচ১বি ভিসার ফি আবারো আদালতে চ্যালেঞ্জের মুখে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ২০:০৮
আমেরিকায় এইচ১বি ভিসার জন্য এক লাখ ডলার ফি নির্ধারণের সিদ্ধান্ত আবারো আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এই ফি নিয়ে তৃতীয়বারের মতো ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। মামলাটি করেছে ক্যালিফোর্নিয়াসহ ১৯টি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। পাই নিউজ এই খবর দিয়েছে।
তাদের অভিযোগ, এই ফি নির্ধারণ করা হয়েছে আইন ও প্রশাসনিক নিয়ম না মেনে। মামলায় বলা হয়েছে, এত বেশি ফি আরোপ করলে
নিয়োগকর্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে। এতে করে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্য ও জরুরি সেবা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই ভিসা নিয়ে আমেরিকায় যেতে পারতেন ভারত, বাংলাদেশসহ পৃথিবীর নানা দেশের মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীরা। নতুন ফি ধার্য করায় এই ভিসায় দেশটিতে গিয়ে কাজ করা একপ্রকার বন্ধই হয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছেন উন্নয়নশীল দেশের মেধাবী মানুষরা।
আইনজীবীরা বলছেন, এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যে প্রক্রিয়া মানার কথা তা অনুসরণ করা হয়নি। এখন বিষয়টি আদালতের বিবেচনায় রয়েছে। রায়ের ওপর নির্ভর করবে এইচ১বি ভিসার ভবিষ্যৎ নিয়ম এবং বিদেশি কর্মী নিয়োগের পথ।
logo-1-1740906910.png)