Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় বিদেশি কর্মীর আগমন কমেছে ৫০%

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২

কানাডায় বিদেশি কর্মীর আগমন কমেছে ৫০%

২০২৫ সালের শুরু থেকে কানাডায় নতুন বিদেশি কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বছরের প্রথম ছয় মাসে কর্মসংস্থান ভিসা ইস্যুর হার ৫০% হ্রাস পেয়েছে, যা অভিবাসন নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের সরাসরি প্রভাব বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কানাডা ২ লাখ ৪৫ হাজার ১৩৭টি কর্মসংস্থান ভিসা ইস্যু করেছিল। অথচ ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ১ লাখ ১৯ হাজার ২৩৪-এ। মার্চ মাসে যেখানে ৬৩ হাজার ৬১৮টি ভিসা ইস্যু হয়েছিল, ২০২৫ সালের মার্চে তা কমে দাঁড়ায় ১৮ হাজার ৫৪০-এ। সবচেয়ে কম ভিসা ইস্যু হয়েছে ফেব্রুয়ারিতে, মাত্র ১৪ হাজার ৩৯৬টি।

শুধু কর্মী নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের জুন পর্যন্ত স্টাডি পারমিট ইস্যুর হার ৭০% কমেছে, যা নতুন শিক্ষার্থীদের আগমনেও বড় ধাক্কা।

এই পতনের পেছনে রয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘোষিত নতুন অভিবাসন নীতি। এতে কম মজুরির চাকরিতে নিয়োগে ১০% সীমা আরোপ করা হয়েছে (কিছু চাহিদাসম্পন্ন খাতে ২০%) এবং যেসব শহরে বেকারত্ব ৬% বা তার বেশি, সেখানে আবেদন প্রক্রিয়া স্থগিত রাখার নিয়ম চালু হয়েছে। এছাড়া উচ্চ মজুরির চাকরির ক্ষেত্রে বেতনসীমা বাড়ানো হয়েছে, ফলে আরো বেশি পদ এই সীমার আওতায় পড়েছে।

কানাডা সরকার ২০২৫-২০২৭ অভিবাসন পরিকল্পনার আওতায় অস্থায়ী অভিবাসীর সংখ্যা ৫% এর নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে। পাশাপাশি ফরাসিভাষী অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থীদের পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের যোগ্যতা কঠোর করা হয়েছে।

এই পরিবর্তনগুলো কানাডার অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে। কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ কমে যাওয়ায় অনেক বিদেশি নাগরিক নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হচ্ছেন। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে কানাডার শ্রমবাজার ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Logo