Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি ১৩৫% বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৫৬

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি ১৩৫% বেড়েছে

যুক্তরাষ্ট্র সরকার তাদের পর্যটন ভিসা (বি১/বি২) ফি ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৪৩৫ ডলারে নির্ধারণ করেছে, যা ১৩৫ শতাংশ বৃদ্ধি। নতুন ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে, ফলে লক্ষ লক্ষ ভিসা প্রত্যাশীর জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ আরো ব্যয়বহুল হয়ে উঠবে।

বাংলাদেশি মুদ্রায় এই ফি প্রায় ৫৩ হাজার টাকা, যা সাধারণ পর্যটকদের জন্য বড় ধাক্কা। ইউএসএ টুডে জানিয়েছে, পাঁচ সদস্যের একটি পরিবারের শুধু ভিসা ফি বাবদ খরচ হবে প্রায় ২ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় আড়াই লাখের বেশি। ফলে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে যাওয়া অনেকের জন্য এই খরচ নিরুৎসাহজনক হয়ে উঠবে।

তবে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) কর্মসূচির আওতায় থাকা দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না, কারণ তারা যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ফি ২০২৬ সাল পর্যন্ত কার্যকর হতে পারে, তবে আইনিভাবে এটি ২০২৫ সালের ১ অক্টোবর থেকেই কার্যকর হবে। এই ফি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা বিশ্বে সর্বোচ্চ ব্যয়বহুল হয়ে উঠবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফি ফেরতযোগ্য হতে পারে, তবে কীভাবে বা কখন তা ফেরত দেওয়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কাঠামো নেই। ফলে ভিসা আবেদনকারীদের জন্য অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই ফি বৃদ্ধির প্রভাব শুধু পর্যটকদের ওপরই নয়, বরং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও পড়বে। দর্শক, অ্যাথলেট ও আয়োজকদের জন্য বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে, বিশেষ করে স্বল্প আয়ের দেশের নাগরিকদের জন্য।

এদিকে, যুক্তরাষ্ট্রে বৈধ ভিসা নিয়ে অবস্থানরত সাড়ে ৫ কোটির বেশি বিদেশির নথি যাচাইয়ের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসন নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তথ্যসূত্র: সময় অনলাইন

Logo