যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যান ১১ বছরের মধ্যে সর্বোচ্চ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২১:৩১
যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার গত ১১ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সাথে ভিসার সিদ্ধান্ত পাওয়ার আগেই আবেদন প্রত্যাহারের প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নতুন পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের গড় হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৪ শতাংশে। অন্যদিকে বছরের গুরুত্বপূর্ণ ভর্তি মৌসুমে আবেদন প্রত্যাহারের সংখ্যা আগের বছরের তুলনায় ৩৭০ শতাংশের বেশি বেড়েছে।
দ্য পাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। হায়ার ইনসাইটস এবং দ্য অ্যাডমিটের বিশ্লেষণ অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬-এ শেষ হওয়া ১২ মাসে স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার ৬ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ বার্ষিক হার।
এক বছরে প্রত্যাখ্যানের হার দ্বিগুণের বেশি
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। এরপর ধারাবাহিকভাবে তা বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ, ২০২৬ সালের মার্চে ৪ দশমিক ৪ শতাংশ এবং জুনে ৪ দশমিক ৯ শতাংশ। সর্বশেষ সেপ্টেম্বরের হিসাবে তা বেড়ে ৬ দশমিক ৪ শতাংশ হয়েছে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রত্যাখ্যানের হার দ্বিগুণেরও বেশি হয়েছে। চীনা আবেদনকারীদের হিসাব বাদ দিলে সামগ্রিক প্রত্যাখ্যানের হার আরো বেড়ে ৮ দশমিক ২ শতাংশে দাঁড়ায়।
আবেদন প্রত্যাহার বেড়েছে ৩৭০ শতাংশের বেশি
ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি আবেদন প্রত্যাহারের সংখ্যাও দ্রুত বাড়ছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত হওয়ার আগেই ৩ হাজার ৬৮২টি স্টুডেন্ট ভিসার আবেদন প্রত্যাহার করা হয়েছে। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৭৭৯। অর্থাৎ এক বছরের ব্যবধানে আবেদন প্রত্যাহার বেড়েছে প্রায় ৩৭৩ শতাংশ।
যুক্তরাজ্যে শরৎকালীন শিক্ষাবর্ষ শুরুর আগে জুলাই-সেপ্টেম্বর সময়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। এ সময়ে আবেদন প্রত্যাহারের এমন বৃদ্ধি দেশটির আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ কার্যক্রমে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।
ভিসা আবেদন ও অনুমোদনও কমেছে
শুধু প্রত্যাখ্যান বা আবেদন প্রত্যাহার নয়, যুক্তরাজ্যে পড়াশোনার জন্য আবেদনকারীর সংখ্যাও কমেছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রধান আবেদনকারীদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার ৩০০টি স্পনসরড স্টাডি ভিসার আবেদন জমা পড়ে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ১৬ শতাংশ কম।
একই সময়ে ইস্যু করা স্টুডেন্ট ভিসার সংখ্যা ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৬৮টিতে। তৃতীয় প্রান্তিকে ভিসা প্রত্যাখ্যানের হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ দশমিক ৭ শতাংশ। ২০১৬ সালের পর তৃতীয় প্রান্তিকের হিসাবে এটিই সর্বোচ্চ প্রত্যাখ্যানের হার।
বিশ্ববিদ্যালয়গুলোর ওপরও বাড়ছে চাপ
যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তি করা বিশ্ববিদ্যালয়গুলোর ওপরও কঠোর নজরদারি বাড়িয়েছে সরকার। ২০২৬ সালের জুন থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের নিচে রাখতে হবে। পাশাপাশি ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোর্সে নিবন্ধনের হার কমপক্ষে ৯৫ শতাংশ এবং কোর্স সম্পন্ন করার হার অন্তত ৮৫ শতাংশ হতে হবে। ২০২৭ সালের জুন থেকে কোর্স সম্পন্নের এই শর্ত বেড়ে ৯০ শতাংশ হওয়ার কথা রয়েছে।
নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি শিক্ষার্থী স্পন্সর করার অনুমোদন হারানোর ঝুঁকি রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানগুলো বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও ভিসা আবেদনের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে আরো সতর্ক হচ্ছে।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী রাসেল গ্রুপের নীতিবিষয়ক ব্যবস্থাপক জায়েদ কাধুম বলেছেন, ভিসা প্রত্যাখ্যানের হার হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার মতে, অভিবাসনব্যবস্থায় যথাযথ যাচাই প্রয়োজন হলেও সিদ্ধান্ত অবশ্যই ন্যায্য ও স্বচ্ছ হতে হবে, যাতে প্রকৃত শিক্ষার্থীরা নিরুৎসাহিত না হন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পরিকল্পনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন পরিসংখ্যান সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় নির্বাচন, কোর্সের সাথে ভবিষ্যৎ পেশাগত পরিকল্পনার সামঞ্জস্য, ইংরেজি ভাষার দক্ষতা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ প্রস্তুতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
ভিসা সাক্ষাৎকার বা বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় শিক্ষার্থীদের কেন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিয়েছেন, সেই বিষয়ে পরিষ্কার ধারণা থাকা জরুরি। একই সঙ্গে পড়াশোনার খরচ বহনের অর্থের উৎস এবং শিক্ষাজীবন শেষে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যথাযথ ব্যাখ্যা দিতে হবে।
তবে সামগ্রিক প্রত্যাখ্যানের হার ৬ দশমিক ৪ শতাংশ হওয়া মানে সব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে একই হারে ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, এমন নয়। দেশভেদে এবং আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী ফলাফলে পার্থক্য রয়েছে। ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন প্রস্তুতি ও ব্যক্তিগত যোগ্যতাই গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
logo-1-1740906910.png)