Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

যুক্তরাজ্যে ২৪ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

যুক্তরাজ্যে ২৪ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে ২৪ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের ৬ হাজার ৩৩০টি ভিসা আবেদন অনুমোদন পেয়েছে। বিপরীতে প্রত্যাখ্যাত হয়েছে ২ হাজার ৫০টি আবেদন। একই সময়ে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের সামগ্রিক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

২৬ নভেম্বর প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন-এর প্রতিবেদনে যুক্তরাজ্যের হোম অফিসের সর্বশেষ অভিবাসন পরিসংখ্যানের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে যুক্তরাজ্যে মূল আবেদনকারী হিসেবে ৩ লাখ ৩৬ হাজার বিদেশি শিক্ষার্থী ভিসা পেয়েছেন। আগের ১২ মাসে এ সংখ্যা ছিল ৪ লাখ ৩২ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভিসা অনুমোদন কমেছে প্রায় ৯৬ হাজার বা ২৩ শতাংশ।

একই সময়ে শিক্ষার্থী ভিসার জন্য আবেদনও কমেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে প্রায় ৩ লাখ ৭২ হাজার আবেদন জমা পড়েছে। আগের ১২ মাসে এ সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৩৪ হাজার ৬০০। অর্থাৎ আবেদন কমেছে প্রায় ১৪ শতাংশ।

বাংলাদেশি আবেদনকারীদের চিত্র

বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রত্যাখ্যানের হার ২৪ শতাংশ। এক বছরে ৬ হাজার ৩৩০টি আবেদন অনুমোদনের বিপরীতে ২ হাজার ৫০টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। পাকিস্তানি আবেদনকারীদের প্রত্যাখ্যানের হার ছিল ৩১ শতাংশ এবং নাইজেরিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ। ঘানার আবেদনকারীদের মধ্যে প্রত্যাখ্যানের হার ছিল ৩২ শতাংশ।

অন্যদিকে ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রত্যাখ্যানের হার ছিল ৬ শতাংশ। দেশটির ৭০ হাজার ৯৪৫টি আবেদন অনুমোদন পেয়েছে এবং ৪ হাজার ২৮২টি প্রত্যাখ্যাত হয়েছে। এ পরিসংখ্যান থেকে বোঝা যায়, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভিসা সিদ্ধান্তে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

কেন বাড়ছে ভিসা প্রত্যাখ্যান?

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসা অনুমোদন কমে যাওয়ার পেছনে দেশটির অভিবাসন নীতির পরিবর্তন, বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বাড়তি নজরদারি এবং আবেদন যাচাইয়ের কঠোরতাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

২০২৬ সালের জুন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন কমপ্লায়েন্স শর্ত আরো কঠোর করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের নিচে রাখতে হবে। পাশাপাশি ভর্তি হওয়া শিক্ষার্থীদের অন্তত ৯৫ শতাংশের কোর্সে যোগদান এবং নির্ধারিত হারে কোর্স সম্পন্ন করার শর্ত রয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিশ্ববিদ্যালয় নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা স্পনসর লাইসেন্স হারানোর ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, পাকিস্তান ও নাইজেরিয়ার মতো দেশ থেকে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই করছে।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা বলছেন, অভিবাসনব্যবস্থায় জবাবদিহি প্রয়োজন হলেও ভিসা সিদ্ধান্ত যেন স্বচ্ছ ও ন্যায্য হয়। অতিরিক্ত কঠোরতা প্রকৃত ও যোগ্য শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে পারে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা?

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের এখন আবেদন প্রস্তুতিতে আরও সতর্ক হতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তাব, কোর্স নির্বাচন, আর্থিক সক্ষমতার প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা এবং ভিসা আবেদনের সব তথ্যের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি।

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কনফার্মেশন অব অ্যাকসেপ্ট্যান্স ফর স্টাডিজ (CAS), টিউশন ফি পরিশোধের তথ্য, ব্যাংক হিসাব এবং পড়াশোনার উদ্দেশ্য সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা যথাযথভাবে প্রস্তুত করতে হবে। কোনো ভুল বা অসংগত তথ্য আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকি বাড়াতে পারে।

তবে ২৪ শতাংশ প্রত্যাখ্যানের হার মানেই সব বাংলাদেশি শিক্ষার্থীর জন্য যুক্তরাজ্যের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এমন নয়। পরিসংখ্যানটি নির্দিষ্ট এক বছরের আবেদন ও সিদ্ধান্তের চিত্র তুলে ধরে। যোগ্যতা পূরণ করে সঠিক নথিপত্রসহ আবেদন করলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ এখনো রয়েছে।

Logo