কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২০:০৩
কুয়েতের আল-সালমি মরুভূমিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে ২০ নভেম্বর প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা রাখলে এই বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই বাংলাদেশি। প্রায় ৩৬ বছর পেরিয়ে গেলেও অতীতের সেই বিস্ফোরক ও ল্যান্ডমাইন যে এখনো মানুষের জীবনের জন্য কতটা মারাত্মক হুমকি, এই দুর্ঘটনা তা আবারো মনে করিয়ে দিল।
ঘটনার খবর পেয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
পরে আশপাশের এলাকায় তল্লাশি চালানো এবং অন্য কোনো বিস্ফোরক অবশিষ্ট রয়েছে কি না, তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং একটি মামলা করা হয়েছে।
এদিকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর তারা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো দূতাবাসের কাছে পৌঁছায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরিচয় নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
logo-1-1740906910.png)