Logo
×

Follow Us

বিশ্ব

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় অভিযান: বাংলাদেশিসহ আটক ৫১৯

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৯:৪৮

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় অভিযান: বাংলাদেশিসহ আটক ৫১৯

মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। এরই অংশ হিসেবে সর্বশেষ সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় পরিচালিত এক অভিযানে ১৫২ বাংলাদেশিসহ মোট ৫১৯ জনকে আটক করা হয়।

জানা যায়, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশটির ৩৪টি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। তিন দিনে ১ হাজার ৭০২ জন বিদেশির কাগজপত্র যাচাই করে ৫১৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন নারী রয়েছেন। আটক হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।

অন্যদিকে সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদায় পৃথক এক অভিযানে ৪৮৯ জনকে আটক করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ কর্মীদের পাশাপাশি তাদের নিয়োগকর্তা ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী তদন্ত চলছে।

এছাড়া মালয়েশিয়ার ইমিগ্রেশন জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১২ হাজার ৪৭১টি অভিযানে ৪৬ হাজার ৪২৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। একই সময়ে ৫২ হাজার ৭৪৩ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর আইন লঙ্ঘনের অভিযোগে দুই হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।

এই যৌথ অভিযানে অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার রাজকীয় পুলিশ, সাধারণ অভিযান বাহিনী, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, মাদকবিরোধী সংস্থা, কোম্পানি কমিশন এবং শাহ আলম সিটি কাউন্সিলের মোট ২৫৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। অভিযান চলাকালে মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করে। পাশাপাশি তদন্তের স্বার্থে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে পাঁচটি সাক্ষী তলবের নোটিশ জারি করা হয়েছে। আটককৃতদের অধিকতর তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সেমেনিয়েহ অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৩৪টি কারখানায় একযোগে বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ। ৫৬৯ জন কর্মকর্তার অংশগ্রহণে পরিচালিত ওই তিন দিনের অভিযানে ১ হাজার ৭০২ জনের কাগজপত্র যাচাই শেষে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকার একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকেই ১৩১ জনের নথি যাচাই করে ৭১ জন বিদেশি কর্মীকে আটক করা হয়।

Logo