যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ স্থগিত করল আদালত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২১:৩৬
যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি শিক্ষার্থীদের ওপর কড়াকড়ি আরোপে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে বড় ধাক্কা এসেছে। দেশটির একটি ফেডারেল আদালত আন্তর্জাতিক শিক্ষার্থীদের কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (CPT) কার্যক্রমে নতুন বিধিনিষেধ আরোপ করে জারি করা দুটি সরকারি নির্দেশনার বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করেছেন। এতে আগের নিয়মে একাডেমিক ক্রেডিটের আওতায় ইন্টার্নশিপ করার সুযোগ ফিরে পাওয়ার পথ তৈরি হয়েছে।
১৬ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল আদালতের বিচারক ডেনিস সেইলর এ আদেশ দেন। তিনি বিধিটিকে ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) গত জুলাইয়ে নতুন বিধিটি চূড়ান্ত করেছিল। এর আওতায় এফ ও জে ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণের প্রস্তাব করা হয়। নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপকদের আলাদাভাবে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো।
বর্তমানে প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থায় বিদেশি শিক্ষার্থীরা ভিসার শর্ত মেনে পড়াশোনা চালিয়ে গেলে এবং নিজ নিজ শিক্ষাক্রমে স্বাভাবিক অগ্রগতি বজায় রাখলে যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ডিগ্রি প্রোগ্রামের সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয়— এমন ইন্টার্নশিপ বা প্রশিক্ষণকে CPT-এর আওতায় অনুমোদন দেয়ার সুযোগ সীমিত করা হয়েছিল। ফলে একাডেমিক ক্রেডিট পাওয়া গেলেও ঐচ্ছিক ইন্টার্নশিপের সুযোগ থেকে অনেক বিদেশি শিক্ষার্থী বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
আগের নিয়মে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাক্রমের সাথে সরাসরি সম্পর্কিত এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত পাঠ্যক্রমের অংশ হলে বাধ্যতামূলক কিংবা ঐচ্ছিক; উভয় ধরনের ইন্টার্নশিপে অংশ নিতে পারতেন। নতুন নির্দেশনার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের কিছু ইন্টার্নশিপ অনুমোদন বন্ধ বা প্রত্যাহার করতে শুরু করে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আইনি চ্যালেঞ্জ
সরকারের নতুন নির্দেশনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চারটি উচ্চশিক্ষাবিষয়ক সংগঠন আদালতের দ্বারস্থ হয়। সংগঠনগুলোর মধ্যে রয়েছে অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিজ (AAU), ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজরস (NAFSA), প্রেসিডেন্টস অ্যালায়েন্স অন হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন এবং অ্যাসোসিয়েশন অব ইনডিপেনডেন্ট কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ ইন ম্যাসাচুসেটস।
মামলাকারীদের যুক্তি ছিল, কয়েক দশক ধরে প্রচলিত নিয়মের ব্যাখ্যা হঠাৎ পরিবর্তন করে সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্ম-অভিজ্ঞতা অর্জনের সুযোগ কমিয়ে দিয়েছে। আদালত প্রাথমিকভাবে মনে করেছেন, দীর্ঘদিনের অবস্থান পরিবর্তনের যথাযথ ব্যাখ্যা না দিয়ে নতুন নির্দেশনা জারি করায় প্রশাসনিক পদ্ধতি আইনের অধীনে সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হতে পারে।
আদালতের আদেশে আগস্টের ১২ ও ২৪ তারিখে জারি করা নির্দেশনাগুলোর বাস্তবায়ন ও প্রয়োগ সাময়িকভাবে আটকে দেয়া হয়েছে। তবে এটি মামলার চূড়ান্ত রায় নয়; আইনি কার্যক্রম চলমান থাকবে।
২০২৪ সালে CPT-তে অংশ নিয়েছেন ১ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ১ লাখ ৪০ হাজার ৭৭৫ জন বিদেশি শিক্ষার্থী CPT কার্যক্রমে অংশ নেয়ার অনুমোদন পেয়েছিলেন। তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে অ্যামাজন ও টেসলার মতো প্রতিষ্ঠানও উল্লেখযোগ্য অবস্থানে ছিল।
CPT মূলত F-1 শিক্ষার্থী ভিসাধারীদের জন্য পড়াশোনার সাথে সংশ্লিষ্ট বাস্তব কর্ম-অভিজ্ঞতা অর্জনের একটি ব্যবস্থা। এর আওতায় শিক্ষার্থীরা নিজেদের ডিগ্রি প্রোগ্রামের সাথে সম্পর্কিত ইন্টার্নশিপ, কো-অপারেটিভ এডুকেশন বা ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নিতে পারেন। তবে এ ধরনের কাজ শুরুর আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কর্মকর্তার (DSO) অনুমতি প্রয়োজন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই পড়াশোনার পাশাপাশি সংশ্লিষ্ট পেশায় বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির জন্য ইন্টার্নশিপের ওপর নির্ভর করেন। CPT সেই সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আদালতের সাম্প্রতিক আদেশে নতুন বিধিনিষেধের প্রয়োগ সাময়িকভাবে বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের জন্য স্বস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নীতিমালা ও শিক্ষাক্রম অনুযায়ী CPT অনুমোদন দেবে। তাই আদালতের আদেশের অর্থ এই নয় যে সব শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে ইন্টার্নশিপের অনুমতি পেয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের পরিকল্পনা করার আগে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী সহায়তা দপ্তরের সাথে যোগাযোগ করে সর্বশেষ নির্দেশনা জেনে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
সূত্র: রয়টার্স, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের আদেশ, NAFSA
logo-1-1740906910.png)