ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বাঙালির ঐতিহ্য উদ্যাপনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয়া সম্মিলন ২০২৬’। ‘অশুভের বিনাশ হোক, শুভ হোক বিশ্বলোক’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য পর্যায়ের জনপ্রতিনিধিরা অংশ নেন।
অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেডের (AFERMB) উদ্যোগে ১৪ নভেম্বর বিকালে ক্যাম্পসির ১৫৫ বিমিশ স্ট্রিটে অবস্থিত ওরিয়ন ফাংশন সেন্টারে এ আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের পর অনুষ্ঠানে গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠের আয়োজন ছিল আন্তঃধর্মীয় সম্প্রীতির বিশেষ প্রকাশ। গীতা থেকে পাঠ করেন তেজস পাল ও আহান সেন গুপ্ত। ত্রিপিটক থেকে পাঠ করেন বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো। বাইবেল থেকে পাঠ করেন লহড়ী ফ্রান্সিসকা রোজারিও। ভিন্ন ধর্মীয় ঐতিহ্যের এ সম্মিলিত অংশগ্রহণ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের বার্তা তুলে ধরে।
এবারের সম্মিলনে মোট ২১টি সংগঠনের পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। এর মধ্যে সিডনির ১৬টি সংগঠনের প্রতিনিধিরা মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যের পাঁচটি সংগঠন বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানায়। স্থানীয় ও আন্তঃরাজ্য সংগঠনগুলোর এ অংশগ্রহণ আয়োজনটিকে বৃহত্তর কমিউনিটির সংযোগ ও মিলনের একটি উপলক্ষে পরিণত করে।
সাংস্কৃতিক পর্বে অংশ নেয় সিডনিভিত্তিক ১৪টি সংগঠন। তাদের পরিবেশনার মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরা হয়। প্রবাসে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা এবং পারস্পরিক বন্ধন আরো দৃঢ় করার ক্ষেত্রে এ যৌথ অংশগ্রহণ ছিল আয়োজনের উল্লেখযোগ্য দিক।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতদল ‘জলের গান’-এর শিল্পী রাহুল আনন্দ। তার সরাসরি সংগীত পরিবেশনা বিজয়া সম্মিলনের সাংস্কৃতিক পর্বে বিশেষ মাত্রা যোগ করে। স্থানীয় সংগঠনগুলোর পরিবেশনার সঙ্গে তার সংগীত আয়োজনটিকে বাংলা গান ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ দেয়।
সংগীত পরিবেশনায় ‘জলের গান’-এর রাহুল আনন্দের সঙ্গে সহযোগী শিল্পী হিসেবে অংশ নেন স্থানীয় শিল্পী সুমিতা দে, অনুলেখা পণ্ডিত ও লারিনা নূপুর রোজারিও। ঢোলে সংগত করেন তাপস কর।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় আকাশ দে পরিচালিত প্রামাণ্যচিত্র ‘Where is Justice?’ (বিচার কোথায়?), যেখানে উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতনের চিত্র। উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এ প্রদর্শনী সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে আসে।
সম্মিলনে উপস্থিত ছিলেন বার্টন আসনের ফেডারেল সংসদ সদস্য অ্যাশ আম্বিহাইপাহার এবং হিউজ আসনের ফেডারেল সংসদ সদস্য ডেভিড মনক্রিফ। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের পক্ষ থেকে যোগ দেন লেপিংটন আসনের সদস্য নাথান হ্যাগার্টি, আইন পরিষদের সদস্য অ্যান্থনি ডি’অ্যাডাম এবং বহুসংস্কৃতিবাদ, শিল্পসম্পর্ক ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি মার্ক বাটিগিয়েগ। তাদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের এই সাংস্কৃতিক মিলনমেলায় বিশেষ মাত্রা যোগ করে।
বার্টন আসনের ফেডারেল সংসদ সদস্য অ্যাশ আম্বিহাইপাহার তার বক্তব্যে বলেন, “অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের শক্তি হলো আমাদের বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশি অস্ট্রেলীয়রা তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে আমাদের সমাজকে সমৃদ্ধ করছেন। বিজয়া সম্মিলন সেই সাংস্কৃতিক বন্ধন ও সম্প্রীতির এক সুন্দর প্রকাশ।”
হিউজ আসনের ফেডারেল সংসদ সদস্য ডেভিড মনক্রিফ তার বক্তব্যে বলেন, “বিভিন্ন সম্প্রদায়ের সম্মিলিত অবদানেই আজকের বৈচিত্র্যময় অস্ট্রেলিয়া গড়ে উঠেছে। নিজস্ব ধর্ম ও সংস্কৃতি চর্চার পাশাপাশি বৃহত্তর সমাজের সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করতে পারি।”
লেপিংটন আসনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি তার বক্তব্যে বলেন, “বিজয়া সম্মিলনের মতো আয়োজন নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে পরিচিত করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বাড়ায়। বাংলা গান ও ঐতিহ্যের এই উদযাপন অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক জীবনেরই একটি মূল্যবান অংশ।”
নিউ সাউথ ওয়েলস আইন পরিষদের সদস্য অ্যান্থনি ডি’অ্যাডাম তার বক্তব্যে বলেন, “প্রত্যেক মানুষের নিরাপদে ধর্ম পালন, সংস্কৃতি চর্চা এবং সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা এবং বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত অবস্থানের মধ্য দিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে ওঠে।”
মার্ক বাটিগিয়েগ, পার্লামেন্টারি সেক্রেটারি ফর মাল্টিকালচারালিজম, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, অ্যান্ড ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি তার বক্তব্যে বলেন, “অস্ট্রেলিয়া একটি বহুসাংস্কৃতিক দেশ, আর এই বৈচিত্র্য আমাদের অন্যতম শক্তি। হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, সেবামূলক কার্যক্রম এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে নিউ সাউথ ওয়েলসকে সমৃদ্ধ করছেন। বিজয়া সম্মিলনের মতো আয়োজন আমাদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করে।”
এছাড়া হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার জাতীয় সভাপতি শ্রী সাই পারাভাস্তু এবং জাতীয় সম্পাদক শ্রীমতী শোভা দেশিকান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিডিও বার্তার মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানান ফেডারেল সংসদ সদস্য জুলিয়ান লিসার, সিনেটর ডেভ শর্মা, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এবং রাজ্যের বিরোধীদলীয় নেতা কেলি স্লোন। তাদের শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিচয় এবং দেশটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে হিন্দু সম্প্রদায়ের অবদানের কথা উঠে আসে। নিজস্ব ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি বৃহত্তর সমাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হিন্দু সম্প্রদায় অস্ট্রেলিয়ার বৈচিত্র্যকে সমৃদ্ধ করছে— এই স্বীকৃতি বিজয়া সম্মিলনের সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তাকে আরো অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনেট সাহা ও ঈপ্সিতা দত্ত। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজনের বিভিন্ন পর্ব এগিয়ে চলে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে AFERMB-এর সব বোর্ড সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের চেয়ার ড. সমীর সরকার।
বিজয়ার শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ, ধর্মগ্রন্থ পাঠ এবং বাংলা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘বিজয়া সম্মিলন ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিচয় ও সম্প্রীতির বন্ধনকে তুলে ধরে। অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিসরে বাংলা ঐতিহ্য উদ্যাপন এবং ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংযোগ জোরদারের একটি উপলক্ষ হয়ে ওঠে এ সম্মিলন।
logo-1-1740906910.png)