Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৮:০৭

মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে অধ্যয়নরত বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তার আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ‘এস অ্যান্ড এস স্কলারশিপ ফান্ড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় দফার আবেদন ৯ নভেম্বর থেকে গ্রহণ করা হচ্ছে। আবেদন করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী সাধারণত ৫ হাজার থেকে ১২ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন, খাবার, স্বাস্থ্যসেবা এবং জরুরি প্রয়োজন মেটাতে এ অর্থ ব্যবহার করা যাবে।

তবে এ বৃত্তির জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে ইউনিভার্সিটি অব মিশিগানের অ্যান আরবার ক্যাম্পাসের নিয়মিত ডিগ্রিপ্রার্থী আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি চলতি শিক্ষাবর্ষে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকা এবং বৈধ এফ-১ অথবা জে-১ শিক্ষার্থী ভিসা থাকতে হবে। আবেদনকারীর নাগরিকত্ব হতে হবে এশিয়া অথবা আফ্রিকার কোনো দেশের।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের এ সহায়তা দেয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পেতে পারেন। আগে এ তহবিল থেকে সহায়তা পাননি এবং অন্য কোনো উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক বা সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন না- এমন শিক্ষার্থীদেরও নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে।

দ্বিতীয় দফার আবেদন গ্রহণ শেষ হবে ৭ ডিসেম্বর ২০২৬। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল জানানোর কথা রয়েছে। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টার থেকে ২০২৭ সালের শরৎকালীন সেমিস্টার পর্যন্ত নির্ধারিত সময়ের জন্য সহায়তা পাওয়ার যোগ্য হবেন।

আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টারের নির্ধারিত আবেদন পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও সহায়ক নথিসহ আবেদন সম্পন্ন করতে হবে। বৃত্তি পাওয়ার পর শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টে বকেয়া থাকলে সাধারণ নিয়মে সহায়তার অর্থ প্রথমে সেই বকেয়া পরিশোধে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এই আর্থিক সহায়তা নতুন শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে ভর্তি হতে ইচ্ছুকদের জন্য নয়। এটি কেবল ইউনিভার্সিটি অব মিশিগানের অ্যান আরবার ক্যাম্পাসে বর্তমানে অধ্যয়নরত এবং নির্ধারিত শর্ত পূরণকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করার আগে নিজেদের যোগ্যতা ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ভালোভাবে যাচাই করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Logo