বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ২২:২০
স্ত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। মঙ্গলবার দেশটির ফৌজদারি আদালত এ রায় দেন।
বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ছিলেন অভিযুক্ত বাংলাদেশির বন্ধু। একবার বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে তিনি অভিযুক্তের স্ত্রীর অনুমতি ছাড়াই ছবি তোলেন। পরে সেসব ছবি ফেসবুকে প্রকাশ করেন। ছবিগুলো প্রকাশের পর নানা ধরনের আপত্তিকর মন্তব্য আসতে থাকে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে ছবি সরিয়ে নিতে বন্ধুকে অনুরোধ করেন অভিযুক্ত। কিন্তু তিনি তাতে রাজি হননি। বরং আরো ছবি প্রকাশ করেন। এ নিয়ে অভিযুক্ত ও তার স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে বন্ধুর ওপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন ওই বাংলাদেশি।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ছুরি নিয়ে বন্ধুর কর্মস্থলের বাইরে অপেক্ষা করেন তিনি। পরে বন্ধুকে সেখানে উপস্থিত নিশ্চিত হয়ে তার বের হওয়ার অপেক্ষা করেন। কর্মস্থল থেকে বের হলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদালতে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত। তিনি জানান, নিহত ব্যক্তির সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বারবার অনুরোধ করেও ছবি সরাতে ব্যর্থ হওয়ায় তিনি প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন।
আদালত তার স্বীকারোক্তি ও মামলার অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে হত্যাকাণ্ডকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত বলে বিবেচনা করেন। পরে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
logo-1-1740906910.png)