যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উপলক্ষে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির সাতজন বিশিষ্ট অভিবাসীকে সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে কংগ্রেসনাল সাইটেশন।
নিউ ইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করে ‘ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল’।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আবাসন ব্যবসায়ী রব চৌধুরী, নিউ ইয়র্ক পুলিশের ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, চিকিৎসক ইনামুল হক, ব্যবসায়ী শিব দাস, ক্যারেন গোপি, ক্যাসেন্দ্রা এ. জনসন এবং নিউ ইয়র্ক পুলিশের ইন্সপেক্টর আদিল রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল’-এর নির্বাহী পরিচালক এবং ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং। তিনি সম্মাননাপ্রাপ্তদের হাতে কংগ্রেসনাল সাইটেশন তুলে দেন এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অবদান ও চলমান চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তরুণ ডেমোক্র্যাট নেতা জাকির চৌধুরী এবং তারিকুল ইসলাম মিঠু। বক্তারা আসন্ন নির্বাচনে অভিবাসী এবং প্রবাসী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
আয়োজকরা বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জননিরাপত্তাসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের এই অবদানকে স্বীকৃতি দিতেই প্রতি বছর ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ইতিহাস, সংস্কৃতি এবং দেশটির উন্নয়নে তাদের অবদানকে সম্মান জানাতে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে পালন করা হচ্ছে।
logo-1-1740906910.png)