সৌদিতে প্রবাসী শ্রমিকদের আবাসনে নতুন নিয়ম কার্যকর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:১০
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের আবাসন ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকরের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে ২৫০ জনের কম নির্ধারিত শ্রমিক রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর জন্যও লাইসেন্সপ্রাপ্ত গ্রুপ আবাসন নিশ্চিত করা বাধ্যতামূলক হচ্ছে। ২৯ অক্টোবর সৌদি আরবের ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপিং গ্রুপ হাউজিং ফর ইন্ডিভিজুয়ালস এই নির্দেশনার কথা জানায়।
কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং উন্নত আবাসন পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে চলার জন্য ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সংশোধনমূলক সময় দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সামনে রয়েছে দুটি সুযোগ। প্রথমত, নিজস্ব ভবনের জন্য নির্ধারিত স্বাস্থ্য, কারিগরি ও নিরাপত্তার শর্ত পূরণ করে গ্রুপ আবাসনের লাইসেন্স নিতে হবে।
দ্বিতীয়ত, আগে থেকেই লাইসেন্সপ্রাপ্ত শ্রমিক আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে কর্মীদের থাকার ব্যবস্থা করতে পারবে। অর্থাৎ, নিজস্ব আবাসন ভবন পরিচালনা না করেও প্রতিষ্ঠানগুলো অনুমোদিত আবাসন ভাড়া নিতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
তাই সৌদি আরবে কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই আবাসন সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)