Logo
×

Follow Us

এশিয়া

কুয়ালালামপুরে চালু হলো ই-কনস্যুলার সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ২০:২৮

কুয়ালালামপুরে চালু হলো ই-কনস্যুলার সেবা

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন E-Consular Automation System চালু করেছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর। ২৮ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা আরও দ্রুত, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর উপায়ে প্রদান করা সম্ভব হবে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, নতুন ই-কনস্যুলার সিস্টেমের আওতায় লেটার অব ইন্ট্রোডাকশন, একই ব্যক্তি সনদ, পাসপোর্ট রেফারেন্সপত্র, পারিবারিক সম্পর্ক সনদপত্র, সিঙ্গাপুর ট্রাভেলের জন্য লেটারসহ বিভিন্ন কনস্যুলার সেবা অটোমেশনের মাধ্যমে প্রদান করা হবে।

নতুন ব্যবস্থায় আধুনিক ওসিআর (Optical Character Recognition) প্রযুক্তি ব্যবহার করে পাসপোর্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হবে। এর ফলে আবেদন প্রক্রিয়া দ্রুত হবে এবং প্রতিটি সনদ ও নথিতে ইউনিক কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড স্ক্যান করে নথিপত্রের সত্যতা সহজেই যাচাই করা যাবে।

হাইকমিশন জানিয়েছে, আবেদন গ্রহণ, পেমেন্ট রসিদ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাইয়ের পুরো প্রক্রিয়া এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এর ফলে রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

সেবা গ্রহণকারীদের জন্য অনলাইন ফি পরিশোধের ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। হাইকমিশনের কাউন্টারে একাধিক পয়েন্ট অব সেল (POS) মেশিন স্থাপন করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, Touch ’n Go এবং কিউআর পেমেন্ট ব্যবহারের মাধ্যমে সরকারি নির্ধারিত ফি সহজে জমা দেওয়া যাবে।

প্রবাসীদের প্রয়োজনীয় সেবা গ্রহণের সময় পাসপোর্ট, ভিসা এবং সংশ্লিষ্ট কাগজপত্রের মূল কপি অথবা পরিষ্কার রঙিন ফটোকপি সঙ্গে আনার আহ্বান জানিয়েছে হাইকমিশন। একই সঙ্গে দ্রুত সেবা নিশ্চিত করতে কাউন্টারে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন বলেছে, নতুন এই অটোমেশন ব্যবস্থার ফলে স্বল্প সময়ে আরো বেশি কনস্যুলার সেবা প্রদান করা সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, স্বচ্ছ এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অব্যাহত থাকবে।

Logo