মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ অক্টোবর ২০২৬
সৌদি-হুতি সংঘাত চরমে, দাম্মামে দুইজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৯:৩১
সৌদি আরব
সৌদি-হুতি সংঘাত চরমে, দাম্মামে দুইজনের মৃত্যু
সৌদি আরবের পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরে হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করলে এর ধ্বংসাবশেষের আঘাতে দুই প্রবাসী নিহত ও দুজন আহত হন। নিহতদের একজন ফিলিপাইন ও অন্যজন নেপালের নাগরিক; আহত দুজন ভারত ও পাকিস্তানের নাগরিক। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে তেলক্ষেত্রের সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। একই দিন সন্ধ্যায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হন বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, হামলার ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে সৌদি আরবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর জরুরি নয়- এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে। পরিস্থিতির কারণে সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে।
বাহরাইন
গাড়িতে ডেলিভারির কাজ শুধু বাহরাইনিদের জন্য রাখার প্রস্তাব
বাহরাইনে গাড়িতে করে খাবার ও পণ্য সরবরাহের কাজ স্থানীয় নাগরিকদের জন্য সংরক্ষণের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। সংসদের স্পিকার আহমেদ আল-মুসল্লাম বলেছেন, এর মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে ডেলিভারি মোটরসাইকেলের নতুন লাইসেন্স সাময়িকভাবে বন্ধ রাখা, চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ জোরদারের প্রস্তাবও উঠেছে। সংসদ সদস্যদের দাবি, গাড়িতে ডেলিভারি দিয়ে স্থানীয়রা মাসে ৫০০ থেকে ৮০০ দিনার পর্যন্ত আয় করতে পারেন কমিশনসহ। প্রবাসী বাংলাদেশিদের জন্য উদ্বেগের বিষয় হলো, প্রস্তাবটি কার্যকর হলে গাড়িতে ডেলিভারির কাজে তাদের সুযোগ সীমিত হতে পারে। তবে এটি এখনো চূড়ান্তভাবে কার্যকর আইন নয়; সরকারের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে অতিরিক্ত শব্দের গাড়ির বিরুদ্ধে অভিযান, জব্দ ১,৬৩০টি
দুবাইয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং অনুমোদনহীন গাড়ি পরিবর্তনের বিরুদ্ধে অভিযানে ২০২৬ সালের প্রথম ৯ মাসে ১ হাজার ৬৩০টি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময়ে মোট ৭ হাজার ৭৩৫টি ট্রাফিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত শব্দের কারণে ২ হাজার ৪৫টি লঙ্ঘনের ঘটনায় ৩৩৩টি গাড়ি জব্দ করা হয়। আর ইঞ্জিন বা গাড়ির কাঠামো অনুমতি ছাড়া পরিবর্তনের ঘটনায় ৫ হাজার ৬৯০টি লঙ্ঘন শনাক্ত এবং ১ হাজার ২৯৭টি গাড়ি জব্দ করা হয়েছে। অতিরিক্ত শব্দ সৃষ্টির জন্য ২ হাজার দিরহাম জরিমানা ও ১২টি ব্ল্যাক পয়েন্ট হতে পারে। অনুমোদনহীন পরিবর্তনের ক্ষেত্রে জরিমানা ১ হাজার দিরহাম, ১২টি ব্ল্যাক পয়েন্ট এবং ৩০ দিনের জন্য গাড়ি জব্দের বিধান রয়েছে। দুবাইয়ে গাড়ি চালানো বাংলাদেশিদেরও এসব নিয়ম মেনে চলা জরুরি।
কুয়েত
কুয়েতে নজরদারিতে ১০ হাজার প্রতিষ্ঠান
কুয়েতে প্রবাসী কর্মীদের বেতন না দেওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ জানিয়েছেন, প্রায় ১০ হাজার কোম্পানির বিরুদ্ধে কর্মীদের মাসের পর মাস বেতন না দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৬ সালের জুন পর্যন্ত বেতন পরিশোধ না করায় ৮ হাজার ৮৪৯টি কোম্পানির ফাইল স্থগিত করা হয়েছে। প্রতি মাসের ২০ তারিখের মধ্যে কর্মীদের বেতন দেওয়ার সময়সীমাও উল্লেখ করেছেন তিনি। এদিকে দুই সপ্তাহে ৩০০ ডেলিভারি কর্মীকে চাকরিচ্যুত করা এবং জরিমানার অজুহাতে বেতন কেটে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। কোনো কোনো কর্মীকে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত রাস্তায় কাজ করতে বাধ্য করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বেতন না দেওয়া কোম্পানির ফাইল বন্ধ করা হবে। বাংলাদেশি কর্মীদের জন্য এটি গুরুত্বপূর্ণ—বেতন আটকে রাখলে প্রমাণসহ অভিযোগ জানানো এবং নিজের পাওনা বুঝে নেওয়ার আইনি পথ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
logo-1-1740906910.png)