মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ অক্টোবর ২০২৬
বাহরাইনে মাদকসহ ১১ এশীয় নাগরিক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৮:৫৬
বাহরাইন
বাহরাইনে মাদকসহ ১১ এশীয় নাগরিক গ্রেপ্তার
বাহরাইনে পৃথক পাঁচটি মাদকবিরোধী অভিযানে ১১ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব অভিযানে ২৩ কেজির বেশি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৯ হাজার বাহরাইনি দিনার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৪৭ লাখ টাকা। ১৮ অক্টোবর নিউজ অব বাহরাইন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাহরাইনের অপরাধ তদন্ত ও ফরেনসিক বিজ্ঞানবিষয়ক অধিদপ্তরের মাদকবিরোধী বিভাগ এসব অভিযান পরিচালনা করে। পাঁচটি ঘটনার মধ্যে দুটি অভিযানে কাস্টমস বিভাগের সহযোগিতা নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, তদন্ত, তথ্য সংগ্রহ ও প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। আটক হওয়ারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। তাদের মধ্যে কেউ বাংলাদেশি আছেন কিনা, তাও জানা যায়নি।
সৌদি আরব
সৌদিতে কর্মীদের দক্ষতা বাড়াতে বড় প্রশিক্ষণ কর্মসূচি
সৌদি আরবের বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের দক্ষতা বাড়াতে ‘স্কিলস অ্যাকসেলারেটর’ কর্মসূচি চালাচ্ছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এ উদ্যোগের লক্ষ্য তিন লাখের বেশি সৌদি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে কাজের উপযোগী করে তোলা। ইতোমধ্যে ১০টির বেশি গুরুত্বপূর্ণ খাতে ৫৯০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। এ উদ্যোগের মাধ্যমে বেসরকারি খাতে সৌদি নাগরিকদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। সৌদি নাগরিকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার নীতি প্রবাসীদের চাকরির বাজারে প্রভাব ফেলতে পারে। তাই নিজের পেশাগত দক্ষতা বাড়ান, নতুন প্রযুক্তি শিখুন এবং চাকরির চুক্তি ও কাজের অনুমতির শর্ত মেনে চলতে হবে।
কুয়েত
কুয়েতে হেরোইন পাচারের দায়ে এশীয় প্রবাসীর মৃত্যুদণ্ড
হেরোইন পাচারের দায়ে এক এশীয় প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের ফৌজদারি আদালত। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অন্য এক ব্যক্তির সঙ্গে চুক্তি করে একাধিকবার হেরোইন কুয়েতে এনেছিলেন। এসব চালান মাদক বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্তের নাম ও জাতীয়তা প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। ঘটনাটি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কারণ, অর্থের বিনিময়ে অন্যের মালামাল বহন বা পরিবহনে সহায়তা করতে গিয়ে কেউ মাদক পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়তে পারেন। প্রবাসীদের জন্য সতর্ক বার্তা হলো অপরিচিত ব্যক্তি বা পরিচিত কারো অনুরোধে প্যাকেট, ব্যাগ কিংবা মালামাল বহন করবেন না, যদি এর ভেতরের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত না হন। সন্দেহজনক প্রস্তাব এড়িয়ে চলুন। মাদকসংক্রান্ত অপরাধে কুয়েতে কঠোর শাস্তির ঝুঁকি রয়েছে।
ওমান
ওমানে কমতে শুরু করেছে তাপমাত্রা, পাহাড়ে নেমেছে ৯ ডিগ্রিতে
ওমানে গরমের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিশেষ করে সন্ধ্যা ও ভোরে আবহাওয়া কিছুটা শীতল হচ্ছে। তবে দিনের বেলায় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এখনো ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। ওমান অবজারভার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জাবাল শামসে, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সাইকে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি। তবে শীতের আমেজ বাড়লেও আগামী কয়েক মাসে ওমানে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। একই সঙ্গে অক্টোবর ও নভেম্বরে উত্তর ওমানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই অবস্থায় ভোর ও রাতে তাপমাত্রা কমতে থাকায় বাইরে চলাচলের সময় হালকা গরম পোশাক সঙ্গে রাখতে পারেন প্রবাসীরা। তবে দিনের গরম পুরোপুরি কমেনি, তাই পর্যাপ্ত পানি পান ও রোদে সতর্ক থাকা জরুরি।
logo-1-1740906910.png)