Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ অক্টোবর ২০২৬

বাহরাইনে স্বর্ণ ব্যবসায় অর্থপাচার ঠেকাতে কঠোর জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২০:০৩

বাহরাইনে স্বর্ণ ব্যবসায় অর্থপাচার ঠেকাতে কঠোর জরিমানা

বাহরাইন

বাহরাইনে স্বর্ণ ব্যবসায় অর্থপাচার ঠেকাতে কঠোর জরিমানা

বাহরাইনে স্বর্ণ ও গহনার ব্যবসায় অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে নতুন নিয়ম চালু হয়েছে। নিয়ম ভাঙলে ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হতে পারে। গ্রাহকের পরিচয় যাচাই না করা, সন্দেহজনক লেনদেনের তথ্য না দেওয়া এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণে ব্যর্থ হলে ১ হাজার থেকে ২ হাজার ৫০০ দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরো বেশি। নতুন নিয়মে ৩ হাজার দিনার বা তার বেশি মূল্যের স্বর্ণ ও গহনা নগদে বিক্রি নিষিদ্ধ। ২ হাজার দিনারের বেশি নগদ বিক্রির ক্ষেত্রে ক্রেতার পরিচয়পত্রের কপিও রাখতে হবে। নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। প্রবাসীদের জন্য এক্ষেত্রে সতর্কতার বিষয়টি হলো স্বর্ণ ব্যবসায় যুক্ত বাংলাদেশিরা নগদ লেনদেন, গ্রাহকের পরিচয় যাচাই ও হিসাবের নথি সংরক্ষণে বাহরাইনের নিয়ম মেনে চলতে হবে। 


সৌদি আরব

সৌদিতে সতর্কতা, উটের মূত্র থেকে ক্যান্সারের ওষুধ অনুমোদনের দাবি নাকচ

উটের মূত্র থেকে তৈরি একটি পণ্য ক্যান্সার চিকিৎসার জন্য অনুমোদন পেয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি নাকচ করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনায় থাকা পণ্যটি ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাদ্য-পরিপূরক। ক্যান্সার চিকিৎসার ওষুধ হিসেবে এর অনুমোদন নেই। তাই উটের মূত্রকে ক্যান্সারের চিকিৎসা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। ক্যান্সারের মতো গুরুতর ও জটিল রোগের ক্ষেত্রে অনুমোদনহীন পণ্য ব্যবহার করলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো পণ্যকে ক্যান্সারের ওষুধ মনে করে ব্যবহার করা বা না করার বিষয়ে সতর্ক থাকতে হবে। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে অনলাইনে অপমান, ৫ লাখ দিরহাম জরিমানার ঝুঁকি

সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপমান, হেয় বা মানহানিকর বক্তব্য প্রকাশ করলে কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ লাখ দিরহাম জরিমানা হতে পারে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির সাইবার অপরাধবিষয়ক আইনে এ ধরনের অপরাধের জন্য ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ দিরহাম জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সরকারি কর্মীকে দায়িত্ব পালনের কারণে অপমান করলেও কঠোর শাস্তির ঝুঁকি থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা, ছবি, ভিডিও কিংবা মন্তব্য প্রকাশের ক্ষেত্রেও তাই সতর্ক থাকা জরুরি। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণ ছাড়া ছড়িয়ে দেওয়া আইনি জটিলতা তৈরি করতে পারে। প্রবাসীদের জন্য সতর্কতা হলো ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাউকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য, হুমকি কিংবা মানহানিকর অভিযোগ প্রকাশ করবেন না। কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন এবং মতামত প্রকাশে দায়িত্বশীল থাকুন।


কুয়েত

কুয়েতে কিস্তিতে মোবাইল কেনার ফাঁদ নিয়ে সতর্কতা

কুয়েতে কিস্তিতে মোবাইল ফোন কিনে তা কম দামে অন্যের কাছে বিক্রি করে নগদ টাকা নেওয়ার প্রস্তাব থেকে সতর্ক করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ব্যবস্থায় একজনকে কিস্তিতে ফোন কিনতে বলা হয়। পরে ফোনটি অন্যের কাছে বিক্রি করে ক্রেতাকে কিছু নগদ অর্থ দেওয়া হয়। কিন্তু ফোনের প্রকৃত দাম ও কিস্তির মোট অঙ্কের মধ্যে বড় পার্থক্য থাকতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী, শেষ পর্যন্ত কিস্তির পুরো দায় ক্রেতার ওপরই থেকে যায়। ফলে হাতে পাওয়া টাকার তুলনায় অনেক বেশি অর্থ পরিশোধ করতে হতে পারে। এ ধরনের লেনদেনে প্রতারণা ও আইনি জটিলতার ঝুঁকিও রয়েছে। প্রবাসীদের জন্য এ ক্ষেত্রে সতর্কতা বিষয়টি হলো দ্রুত নগদ অর্থ পাওয়ার আশায় কিস্তিতে ফোন কিনে অন্যের কাছে হস্তান্তর করবেন না। চুক্তির মোট মূল্য, কিস্তির শর্ত এবং দায়দায়িত্ব ভালোভাবে না বুঝে কোনো কাগজে সই করবেন না।

Logo