Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় সাগরপথে ঢোকার চেষ্টা, ২১ বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৫২

মালয়েশিয়ায় সাগরপথে ঢোকার চেষ্টা, ২১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধপথে প্রবেশের সন্দেহে ২১ বাংলাদেশিসহ ২৮ জনকে আটক করেছে দেশটির সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৬টার দিকে পারলিস রাজ্যের কুয়ালা পেরলিসের কুরুং তেঙ্গার উপকূলীয় জলসীমায় এ অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন মিয়ানমারের নাগরিক, দুজন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মালয়েশীয় নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৪ থেকে ৪২ বছরের মধ্যে।

কেদাহ ও পারলিস অঞ্চলের সামুদ্রিক অভিযানের উপপরিচালক ক্যাপ্টেন জাইনুদিন মোহাম্মদ জুকি জানান, টহলের সময় নিবন্ধন নম্বরবিহীন একটি দ্রুতগতির ফাইবারগ্লাস নৌযান শনাক্ত করা হয়। পরে নৌযানটি কুরুং তেঙ্গার সৈকত থেকে প্রায় শূন্য দশমিক ৭ নটিক্যাল মাইল দূরে অগভীর পানিতে আটকে যায়।

কর্মকর্তারা নৌযানটির কাছে পৌঁছালে চালক ও আরোহীরা কাদায় ঝাঁপ দিয়ে সৈকতের দিকে পালানোর চেষ্টা করেন। তবে স্থলে অবস্থানরত অভিযানকারী দলের সহায়তায় সবাইকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌযানটি অননুমোদিত পথে অভিবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করাতে ব্যবহৃত হচ্ছিল। জব্দ করা নৌযান ও ইঞ্জিনের আনুমানিক মূল্য দুই লাখ মালয়েশীয় রিঙ্গিত। ঘটনাটি দেশটির অভিবাসন আইন এবং মানব পাচার ও অভিবাসী পাচারবিরোধী আইনে তদন্ত করা হচ্ছে।


Logo