Logo
×

Follow Us

বাংলাদেশ

৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪

৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা ফেরাতে অনিয়মের অভিযোগে প্রায় ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সাথে অনিয়মে জড়িত বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা ছাড়াও তাদের বিরুদ্ধে আইনি মামলা দায়ের করা হচ্ছে। প্রতারণা প্রতিরোধ ও সাধারণ কর্মীদের সচেতন করতে গণমাধ্যমের সহায়তায় ব্যাপক প্রচারণা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

১৩ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, অনেক ট্রাভেল এজেন্সি বেআইনিভাবে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছে, যা তাদের এখতিয়ারবহির্ভূত। ভিসার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রগুলোর বিরুদ্ধে তদন্ত চলছে। বিদেশে কর্মী পাঠাতে স্বচ্ছতা আনতে ভিসা যাচাই, ইমিগ্রেশন ও বিএমইটির কার্যক্রম চার-পাঁচ মাসের মধ্যে পুরোপুরি অনলাইন ব্যবস্থার আওতায় আনা হবে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আহতদের দেশটির পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রিয়াদে নিযুক্ত বাংলাদেশ মিশনের মাধ্যমে আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রমকল্যাণ উইং প্রবাসীদের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করছে এবং তিনি নিজেও এক আহত কর্মীর বাবার সাথে টেলিফোনে কথা বলেছেন।

প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী জানান, যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা বাংলাদেশ মিশনের নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রবাসীদের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনার জন্য একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর সৌদি আরবের সর্বশেষ পরিস্থিতির হালনাগাদ তথ্য সংগ্রহ করছে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যার হাসপাতাল ভবন আগামী ৭ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর ঐতিহাসিক ঘোষণা দেন মন্ত্রী। দূরদূরান্ত থেকে আসা শিল্পকারখানার নারী শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনগণের কোটি কোটি টাকায় এসব স্থাপনা গড়ে তোলা হলেও প্রশাসনিক অবহেলায় তা বন্ধ ছিল।

আরিফুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে আগামী ৭ নভেম্বর এই কমপ্লেক্সটি আনুষ্ঠানিকভাবে সচল করা হবে। এটি চালু হলে ওই অঞ্চলের হাজার হাজার নারী পোশাকশ্রমিক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo