Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের মামলা নিষ্পত্তিতে বিশেষ আদালতের পরিকল্পনা সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৩:২৩

প্রবাসীদের মামলা নিষ্পত্তিতে বিশেষ আদালতের পরিকল্পনা সরকারের

বিদেশে কর্মরত বাংলাদেশিদের অর্থ, সম্পত্তি ও পারিবারিক বিরোধসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

রামরু আয়োজিত অভিবাসন বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীদের যে কোনো ধরনের আইনি জটিলতা মোকাবিলার জন্য বিশেষায়িত আদালত গঠনের চিন্তাভাবনা চলছে। এসব আদালত মূলত প্রবাসী বাংলাদেশিদের মামলা ও বিরোধ নিষ্পত্তির কাজ করবে।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে শ্রম আদালত থাকলেও প্রবাসীদের জন্য আলাদা আদালত নেই। ফলে বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশিকে সম্পত্তি বিরোধ, অর্থ লেনদেন কিংবা পারিবারিক জটিলতা নিয়ে বছরের পর বছর মামলা চালাতে হয়।

তার মতে, বিদেশে বসে আইনজীবী নিয়োগ, আদালতে প্রতিনিধিত্ব এবং মামলা পরিচালনায় প্রবাসীদের বিপুল অর্থ ব্যয় করতে হয়। অনেক ক্ষেত্রে মামলার নিষ্পত্তি হওয়ার আগেই বাদীর মৃত্যু ঘটে এবং পরে তার উত্তরাধিকারীরা মামলা চালিয়ে যান।

আসাদুজ্জামান জানান, বিশেষ আদালত গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। জনমত যাচাই শেষে সংসদের পরবর্তী অধিবেশনেই বিষয়টি উপস্থাপনের চেষ্টা করা হবে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল হওয়ার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৫ হাজার ভিসা বাতিল হয়েছে এবং আরও অনেক ভিসা নবায়ন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নএর জন্য কিছু অসাধু রিক্রুটিং ব্যবসায়ীকে দায়ী করে তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে এমন কিছু নথি জমা দেওয়া হয়েছে, যেগুলোর সত্যতা আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সহজেই যাচাই করা সম্ভব হয়েছে। কিছু ক্ষেত্রে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সনদ বা চাকরির নথিও জমা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, এসব জালিয়াতির কারণে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে এবং এর নেতিবাচক প্রভাব সাধারণ প্রবাসী শ্রমিকদের ওপর পড়ছে।

প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ২৪ ঘণ্টার আইনি সহায়তা কর্মসূচি চালুর কথাও জানান আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেসের মাধ্যমে প্রবাসীরা প্রাথমিক আইনি পরামর্শ পাবেন। সেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন।

আইনি পরামর্শের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগও নেওয়া হবে, যাতে প্রবাসীদের আদালতনির্ভর জটিলতা কমে আসে।

অনুষ্ঠানে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ ও বেতন বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন আইনমন্ত্রী।

তিনি বলেন, অনেক বাংলাদেশি শ্রমিককে প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে হয়। বাসস্থান, যাতায়াত ও মৌলিক সুবিধার ক্ষেত্রেও তাদের নানা সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়।

তার মতে, একই ধরনের কাজ করেও অনেক ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা অন্যান্য দেশের কর্মীদের তুলনায় কম মজুরি পান। এই বৈষম্য কমাতে এবং বিদেশে শ্রমিকদের অধিকার রক্ষায় আরো কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Logo