মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ অক্টোবর ২০২৬
বাহরাইনে ট্রাফিক আইন লঙ্ঘন, বহু ড্রাইভারের জেল-জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৫:০৯
বাহরাইন
বাহরাইনে ট্রাফিক আইন লঙ্ঘন, বহু ড্রাইভারের জেল-জরিমানা
বাহরাইনে
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বহু ড্রাইভারের জেল-জরিমানা করেছেন দেশটির নিম্ন ফৌজদারি
আদালত। অভিযুক্ত ড্রাইভারদের দুই থেকে চার মাস পর্যন্ত কারাদণ্ড এবং প্রত্যেককে ৬০০
বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। পাবলিক প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নির্ধারিত সীমার
চেয়ে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি তৈরি করা এবং গাড়ি
চালানোর সময় মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার
মতো অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও
ছড়িয়ে পড়ার পরপরই তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। পরে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার
করা হয় এবং অপরাধে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করা হয়। তদন্তের সময় অভিযুক্তদের সামনে
ভিডিও ফুটেজ ও ট্রাফিক অধিদপ্তরের তদন্তের তথ্য উপস্থাপন করা হলে তারা অভিযোগ স্বীকার
করেন। এরপর তাদের আদালতে পাঠানো হলে এই সাজা ঘোষণা করা হয়। তাই বাহরাইনে বসবাসরত প্রবাসী
বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, অতিরিক্ত গতিতে
গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
সৌদি
আরব
সৌদিতে ট্রাফিক আইন লঙ্ঘন, প্রায় সাড়ে তিন হাজার গাড়ি ও ট্রাক জব্দ
সৌদি
আরবে পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে দেশটির পরিবহন কর্তৃপক্ষ। শুধু
সেপ্টেম্বর মাসেই ৩ হাজার ৪৪৯টি গাড়ি ও ট্রাক জব্দ করা হয়েছে এবং বিভিন্ন অনিয়মের
কারণে ১১ হাজার ১০৭টি সতর্কবার্তা দেওয়া হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী,
সেপ্টেম্বর মাসে সড়ক পরিবহন খাতে মোট ৩ লাখ ৬৩ হাজার ৪৯টি পরিদর্শন চালিয়ে ৯৪ হাজার
৩২১টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স
ছাড়া পরিবহন কার্যক্রম পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পেশাদার লাইসেন্স ব্যবহার, নিরাপত্তাবিধি
না মানা এবং অনুমতি ছাড়া বাস চালানো। ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহনের জন্য লাইসেন্স
ছাড়া কার্যক্রম পরিচালনার বিষয়টিও নজরে এসেছে কর্তৃপক্ষের। সবচেয়ে বেশি আইন লঙ্ঘনের
ঘটনা শনাক্ত হয়েছে মক্কা অঞ্চলে, এরপরেই রয়েছে রিয়াদ ও পূর্বাঞ্চল। বিমানবন্দর এলাকায়
আইন লঙ্ঘনকারীদের ২৪৯টি গাড়িও জব্দ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহন
খাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ম মেনে সেবা দেওয়া নিশ্চিত করতেই এই অভিযান। তাই
সৌদিতে পরিবহন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও
প্রয়োজনীয় অনুমতি ঠিক আছে কিনা, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সংযুক্ত
আরব আমিরাত
আমিরাত থেকে সৌদিগামী ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে এমিরেটস, ইতিহাদ ও ফ্লাইদুবাই। গালফ নিউজের ১২ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী এবং আবুধাবি থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ১২ ও ১৩ অক্টোবরের বেশ কিছু ফ্লাইট রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১১ অক্টোবর সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে নির্ধারিত ১ হাজার ৯৬টি ফ্লাইটের মধ্যে ৬২৩টি বাতিল বা দেরি হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিকে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচিতে আরো পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। তাই আমিরাত থেকে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা থাকলে বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজের ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। টিকিট বাতিল হলে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে পুনরায় বুকিং বা বিকল্প ব্যবস্থার তথ্য জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়েত
কুয়েতে বিশেষ নিরাপত্তা অভিযান, আটক ৬৫
কুয়েতের
ফারওয়ানিয়া গভর্নরেটের খাইতান এলাকায় বিশেষ নিরাপত্তা অভিযানে ৬৫ জনকে আটক করেছে
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ অক্টোবর আবাসন আইন লঙ্ঘন, পলাতক থাকার অভিযোগ এবং বিভিন্ন
মামলায় ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে এই আভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের
মধ্যে সাতজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। অভিযানে ৪৪টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয় এবং পরিত্যক্ত ৩৩টি গাড়ি
জব্দ করা হয়। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে নিরাপত্তা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। তাই কুয়েতে বসবাসরত প্রবাসী
বাংলাদেশিদের নিজেদের আকামা বা রেসিডেন্সি পারমিট, ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
বৈধ আছে কিনা, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, কুয়েতের মাদক নিয়ন্ত্রণ
অধিদপ্তর পৃথক চারটি অভিযানে ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে বিপুল
পরিমাণ মাদক।
ওমান
ওমানে
প্রবাসী কর্মী নিয়োগে নতুন নিয়ম ঘোষণা
ওমানে
প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে
কার্যকর হওয়ার কথা রয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগকারী অফিসগুলোর
জন্য নতুন বিধিমালা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধু লাইসেন্সপ্রাপ্ত অফিসের
মাধ্যমেই কর্মী নিয়োগ করা যাবে। নিয়োগকারী অফিসকে কর্মী আনার জন্য সর্বোচ্চ ৪৫ দিন
সময় দেওয়া হবে এবং নিয়োগসেবার ক্ষেত্রে থাকবে দুই বছরের গ্যারান্টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ
বিষয় হলো, কর্মী নিয়োগের জন্য প্রবাসীদের কাছ থেকে কোনো ফি নিতে পারবে না নিয়োগকারী
অফিস। কর্মী নিয়োগের আগেই বেতন ও কাজের ধরন উল্লেখ করে লিখিত চাকরির প্রস্তাব দিতে
হবে। পাশাপাশি নিয়োগের সময় কর্মীর অধিকার সুরক্ষা, উপযুক্ত আবাসন এবং চুক্তির শর্ত
মানার বিষয়েও কঠোর বিধান রাখা হয়েছে। নতুন নিয়মে নিয়োগকারী অফিসের লাইসেন্স ফি
নির্ধারণ করা হয়েছে দুই বছরের জন্য ৩০০ ওমানি রিয়াল এবং আর্থিক জামানত রাখতে হবে
৫ হাজার রিয়াল। তার মানে হলো ওমানে কাজের জন্য যাওয়ার পরিকল্পনা
থাকলে বৈধ নিয়োগকারী অফিসের মাধ্যমে চুক্তি ও বেতনের শর্ত যাচাই করে প্রক্রিয়া সম্পন্ন
করতে হবে।
logo-1-1740906910.png)