Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ অক্টোবর ২০২৬

সৌদিতে বড় অঙ্কের টাকা লেনদেনে নতুন নিয়ম জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ২০:৩৬

সৌদিতে বড় অঙ্কের টাকা লেনদেনে নতুন নিয়ম জারি

বাহরাইন

বাহরাইনে বাইক চুরি, একজনের পাঁচ বছরের জেল

বাহরাইনে একটি ডেলিভারি বাইক ছিনতাই করতে গিয়ে এক ব্যক্তির পাঁচ বছরের জেল হয়েছে। ইসা আদালতের তথ্য অনুযায়ী, ইসা টাউনে চলতি বছরের ১৪ এপ্রিল ২১ বছর বয়সী এক ডেলিভারি কর্মী ভুল ঠিকানায় পৌঁছে বাইক থামিয়ে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করছিলেন। ঠিক তখনই ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি এসে বাইকটি একটু চালানোর জন্য চান। ডেলিভারি কর্মী রাজি না হলে তিনি ছুরি বের করে ভয় দেখান এবং সরে যেতে বলেন। নিজের নিরাপত্তার কথা ভেবে কর্মী সরে গেলে ওই ব্যক্তি বাইকটি নিয়ে পালিয়ে যান। পরে পুলিশের তদন্তে এবং গোপন সূত্রের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। ভুক্তভোগী পরে ছবির মাধ্যমে তাকে শনাক্ত করেন, আর জিজ্ঞাসাবাদের সময় তার চেহারা মিলে যায়। এরপর মামলা আদালতে গড়ালে শেষ পর্যন্ত বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট তাকে ছিনতাইয়ের অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে যদিও তিনি কোন দেশের নাগরিক, সেই ব্যাপারে কিছু বলা হয়নি।


সৌদি আরব

সৌদিতে বড় অঙ্কের টাকা লেনদেনে নতুন নিয়ম জারি

সৌদি আরবে স্বর্ণ ও মূল্যবান পাথরের বড় অঙ্কের লেনদেনে নতুন নিয়ম চালু করা হয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৫০ হাজার সৌদি রিয়াল বা তার বেশি মূল্যের নগদ স্বর্ণ কিংবা মূল্যবান পাথর কেনাবেচার ক্ষেত্রে ক্রেতার পরিচয় যাচাই করতে হবে। অর্থাৎ, বড় অঙ্কের লেনদেনের সময় ব্যবসায়ীকে ক্রেতার বৈধ পরিচয়পত্র সংগ্রহ ও যাচাই করতে হবে। লেনদেনের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। সৌদি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, প্রবাসীদের বৈধ ইকামা এবং অন্যান্য দেশের নাগরিকদের বৈধ পাসপোর্ট ব্যবহার করতে হবে কেনাকাটার সময়। শুধু একটি লেনদেনের মূল্য ৫০ হাজার রিয়াল হলেই এই নিয়ম কার্যকর হবে এমন নয়। এছাড়া লেনদেনের পরিমাণ ৫০ হাজার রিয়ালের কম হলেও যদি ক্রেতার পরিচয়, অর্থের উৎস বা লেনদেনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলেও ব্যবসায়ীকে প্রয়োজনীয় যাচাই করতে হবে এবং সন্দেহজনক লেনদেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হতে পারে। সৌদিতে বড় অঙ্কের স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে এখন ক্রেতার পরিচয় যাচাই ও লেনদেনের রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক ব্যবস্থার অংশ হয়ে দাঁড়িয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে শেয়ারড বাসার পার্কিংয়ে নতুন নিয়ম চালু

দুবাইয়ে একসঙ্গে একাধিক মানুষের বসবাসের জন্য ব্যবহৃত শেয়ারড হাউজিংয়ে নতুন নিয়ম করা হয়েছে। নতুন ঘোষণায় বলা হয়েছে, সাইকেলের জন্য অবশ্যই আলাদা ব্যবস্থা রাখতে হবে। ভবনের মোট বাসিন্দার অন্তত ১০ শতাংশের জন্য সাইকেল পার্কিংয়ের জায়গা থাকতে হবে। অর্থাৎ, কোনো শেয়ারড হাউজিংয়ে ১০০ জন থাকলে, সেখানে অন্তত ১০টি সাইকেল রাখার জায়গা থাকতে হবে। নতুন বিধিমালা অনুযায়ী, কোনো ভবন বা ভিলা শেয়ারড হাউজিং হিসেবে ব্যবহার করতে হলে নির্ধারিত অনুমতি নিতে হবে। একই ভবনে ব্যক্তিগত ও পারিবারিক দুই ধরনের আবাসিক ব্যবস্থা একসঙ্গে রাখা যাবে না। বাসিন্দাদের জন্যও নির্দিষ্ট জায়গা নিশ্চিত করতে হবে। একজন ব্যক্তির শোবার জায়গার জন্য কমপক্ষে ৫ বর্গমিটার জায়গা থাকতে হবে এবং প্রতি চারজন বাসিন্দার জন্য অন্তত একটি বাথরুমের ব্যবস্থা রাখতে হবে। পার্কিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম রয়েছে। শেয়ারড হাউজিংয়ে গাড়ি রাখার জন্য নির্দিষ্ট সংখ্যক পার্কিং বাধ্যতামূলক না হলেও ভবনের পার্কিং স্পেস ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন পড়বে। মালিক ও অপারেটরদের নিয়ম মেনে নেওয়ার জন্য ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে অপরাধের ধরন অনুযায়ী ৫০০ দিরহাম থেকে সর্বোচ্চ ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। 


কুয়েত

আবাসিক ভবনে ব্যবসা, ১৫ জন প্রবাসী গ্রেপ্তার

কুয়েতের ফারওয়ানিয়া এলাকায় অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযানে ১৫ জন প্রবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। অভিযানে দেখা গেছে, আবাসিক ভবনের অনুমতি ছাড়া গ্রোসারি ও টেইলারিংয়ের মতো ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। কিছু জায়গায় আবার নিয়মবহির্ভূতভাবে ব্যাচেলরদের থাকার ব্যবস্থাও খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুপযোগী খাবারও জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটক ১৫ প্রবাসীর বহিষ্কার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই অভিযান আবারো দেখিয়ে দিচ্ছে, কুয়েতে প্রবাসীদের জন্য শুধু বৈধ রেসিডেন্সি থাকাই যথেষ্ট নয়; কোথায় কাজ করছেন, কী ধরনের ব্যবসা করছেন এবং যে জায়গায় ব্যবসা করছেন সেটি সেই কাজের জন্য বৈধ অনুমোদিত কিনা, সেদিকেও নজর রাখতে হবে। তাই প্রবাসী হিসেবে কোনো ব্যবসা বা অতিরিক্ত কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও আইনগত নিয়ম যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Logo