মালয়েশিয়ায় প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৬:৫৭
মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণায় জড়িত ব্যক্তি ও এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
৮ অক্টোবর রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২৫টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার কোনো সুযোগ নেই। যেসব এজেন্সি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবা সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে ‘প্রবাসী কার্ড’, ‘প্রবাসী ব্যাংক’সহ বিভিন্ন সেবা খাতে নতুন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রবাসীদের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর কথাও জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের প্রতি সপ্তাহে অন্তত একদিন প্রবাসীদের অভিযোগ ও সমস্যার কথা শোনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে।”
বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমানো এবং উন্নত সেবা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার গুরুত্ব তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশি কর্মীদের কারিগরি দক্ষতা বাড়াতে হবে।
তিনি জানান, দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে আরো সক্রিয় করতে সরকার কাজ করছে। পাশাপাশি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারেও জোর দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের কওমি মাদ্রাসাগুলোতেও পর্যায়ক্রমে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্মমুখী দক্ষতা অর্জন করে দেশ ও বিদেশের শ্রমবাজারে আরো ভালো সুযোগ পেতে পারবেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ জনশক্তি তৈরি এবং প্রতারণামুক্ত অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা গেলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং প্রবাসীদের আয় ও দেশের রেমিট্যান্স প্রবাহও আরো শক্তিশালী হবে।
logo-1-1740906910.png)